ICC World Cup 2023: সাদা বলে শতরানের শীর্ষে কোহলি, সচিনকে টপকে ৫০টি সেঞ্চুরি বিরাটের
রবিবারই একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করেছেন বিরাট কোহলি। জন্মদিনেই নিজের আইকন সচিন তেন্ডুলকরের বিরল কীর্তি ছুঁয়ে ফেলেছেন কোহলি। এবার ওডিআইতে তাঁর শতরানের হাফসেঞ্চুরির প্রত্যাশায় ক্রিকেট ভক্তরা। স্বয়ং মাস্টার ব্লাস্টারও শুভকামনা জানিয়েছেন দ্রুত ৪৯ থেকে ৫০-এ সেঞ্চুরির সংখ্যাকে নিয়ে যাওয়ার জন্য।কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যা ৫০!
অবাক হচ্ছেন নিশ্চই, ভারতীয় দলের পরের ম্যাচ আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তাহলে রাতারাতি কীভাবে কোহলির শতরানের সংখ্যা ৪৯ থেকে ৫০ হল? সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদন। আসলে সাদা বলে ক্রিকেটে কোহলি ইতিমধ্যেই ৫০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভেঙে দিয়েছেন সচিনের কীর্তি।

সাদা বলের ক্রিকেটে শতরানেরর নিরিখে এখনই এক নম্বরে আছে কোহলি। তাঁর ৫০টি শতরানের মধ্যে ৪৯টি এসেছে ওডিআইতে, একটি এসেছে টি২০তে। সচিন রয়েছেন দ্বিতীয়স্থানে, তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪৯। সবগুলিই করেছেন একদিনের ক্রিকেটে। তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা। তাঁর মতো শতরানের সংখ্যা ৩৫টি। এরমধ্যে ৩১টি করছেন একদিনের ম্যাচ, বাকি চারটি করেছেন টি২০ ম্যাচে।
রিকি পন্টিং আছেন চার নম্বরে। সাদা বলে তাঁর শতরানের সংখ্যা ৩০টি। সবগুলিই করেছেন ওডিআইতে। সনৎ জয়সূর্য আছেন চার নম্বরে। তাঁর শতরানের সংখ্যা ২৮টি। অর্থ্যাত এখনই ওডিআই ফর্ম্যাটে শতরানের নিরিথে শীর্ষে কোহলি।
রবিবার একদিনের ক্রিকেটে ২৭৭টি ইনিংসেই করে ফেললেন ৪৯তম শতরান। সচিন করেছিলেন ৪৫২ ইনিংসে। এই প্রথমবার বিশ্বকাপে একাধিক শতরান করলেন কোহলি। সেইসঙ্গে ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করলেন কোহলি। ২০০৯ সালে ইডেনেই কেরিয়ারে প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট।
শতরানের পর সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে জন্মদিনে শতরান সম্পর্কে বলেন, 'ইডেনে এত দর্শকের সামনে শতরান করতে পেরে খুবই ভালো লাগছে। অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ বাচ্চারাও এসেছে তাঁদের শুভেচ্ছা নিয়ে। তবে দলের জন্য কিছু করতে পেরে বা অবদান রাখতে পেরে আরও ভালো লাগছে।'
তবে সচিনের সঙ্গে নিজের তুলনা চলে আসায় ম্যাচ শেষে কিছুটা লজ্জিত হন কোহলি। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে বিরাট বলেন,'আমার হিরোর সঙ্গে একই রেকর্ড ভাগ করে নেওয়া, সেটা আমার কাছে খুবই স্পেশাল। সচিনকে টিভিতে খেলতে দেখেছি। আজকের এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। কেন মানুষ ওনার সঙ্গে আমাকে তুলনা করেন আমি জানি না। ওনি গ্রেট। সচিন আমার হিরো ছিলেন থাকবেনও।'












Click it and Unblock the Notifications