ICC CWC 2023: বিরাট ৯ বছর পর পেলেন ওডিআই উইকেট! আন্তর্জাতিক ক্রিকেটে কিং কোহলির শিকার কারা?
ICC CWC 2023: মহম্মদ সিরাজ তখন মাঠের বাইরে। বিরাট কোহলির হাতে বল তুলে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বল হাতেও তিনি যে কামাল দেখাতে প্রস্তুত বিশ্বকাপে, তা এদিন দেখালেন বিরাট।
হার্দিক পাণ্ডিয়া চোট পেয়ে মাঠ ছাড়ার পর তিন বল করেছিলেন কোহলি। প্রয়োজনে বিরাটকে ষষ্ঠ বোলার হিসেবে ব্যবহারের কথা বলেওছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। আজ বিরাট শুধু বল করলেনই না, তুলে নিলেন উইকেটও। ওডিআইয়ে ৯ বছর পর।

আজ নেদারল্যান্ডস ইনিংসের ২৩তম ওভারে বল করতে যান বিরাট। প্রথম ওভারে সাত রান দেন। এরপর বিরাটকে দিয়ে টানা আরও দুই ওভার বল করান রোহিত। নিজের দ্বিতীয় তথা ডাচ ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে বিরাট ফেরান স্কট এডওয়ার্ডসকে। এডওয়ার্ডস কট বিহাইন্ড হন ৩০ বলে ১৭ রানে। নিজের তৃতীয় ওভারে বিরাট পাঁচ রান দেন।
বিরাট শেষবার ওডিআইয়ে উইকেট পেয়েছিলেন ২০১৪ সালের ৩১ জানুয়ারি। ওয়েলিংটনে সেই ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটকে দিয়ে ৭ ওভার বল করিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিরাট ৩৬ রান খরচ করেছিলেন। অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের উইকেটটি তুলে নিয়েছিলেন। তবে এদিনই কেরিয়ারের সেরা বোলিং করলেন কোহলি।
২০১১ সালের সেপ্টেম্বরে বিরাট কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ ওভারে ৪৪ রান দিয়েছিলেন, এই ম্যাচে বোল্ড করে দিয়েছিলেন অধিনায়ক অ্যালেস্টেয়ার কুককে। ওই বছরই অক্টোবরে মোহালিতে বিরাট বোল্ড করে দেন ইংল্যান্ডের অপর ওপেনার ক্রেগ কিজওয়েটারকে। সেই ম্যাচে কোহলি ৩ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট পান।
২০১৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার হয়ে শতরানকারী কুইন্টন ডি ককের উইকেটটি তুলে নিয়েছিলেন কিং কোহলি। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ডি ককের জুটিও ভেঙেছিলেন। ডি কক বিরাটের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন। কোহলি সেই ম্যাচে ২ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান খরচ করে ১ উইকেট নিয়েছিলেন।
টেস্টে বিরাটের উইকেট না থাকলেও টি ২০ আন্তর্জাতিকে চারটি উইকেট রয়েছে। ২০১১ সালের অগাস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ওভারে ২২ রান খরচ করে তুলে নিয়েছিলেন কেভিন পিটারসেনের উইকেট। কেপি কোহলির বলে স্টাম্প আউট হন। ওই বছরেই অক্টোবরে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ২.৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। সেবার আউট করেছিলেন সমিত প্যাটেলকে।
২০১২ সালের টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোয় বিরাট ৩ ওভারে ২১ রান দিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন মহম্মদ হাফিজকে। তৎকালীন পাক অধিনায়ক বোল্ড হয়েছিলেন কিং কোহলির বলে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেখা গিয়েছিল বোলার বিরাটকে। কোহলি ১.৪ ওভারে ১৫ রান দিয়েছিলেন। সেই ম্যাচে আউট করেছিলেন অর্ধশতরান করা ওপেনার জনসন চার্লসকে।












Click it and Unblock the Notifications