ICC World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট নজিরের হাতছানি, সচিনের রেকর্ড ভাঙার সুযোগ কোহলির সামনে
বিরাট কোহলি মানেই রেকর্ডের রাজা। মাঠে নামলেই নিত্যনতুন রেকর্ড গড়েন কিং কোহলি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে পয়মন্ত পুণের মাঠে ফের একবার মাঠে নামছেন বিরাট। এই ম্যাচেও তাঁর জন্য অপেক্ষা করছে একটি বিরাট মাইলস্টোনের। পুণের এই মাঠে কোহলির পরিসংখ্যান অত্যন্ত ভালো। বৃহস্পতিবার ব্যাট হাতে সচিনের রেকর্ডও ভাঙতে পারেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬,০০০ রান করতে পারেন কিং কোহলি। এই নজির স্পর্শ করতে আর মাত্র ৭৭ রান করতে হবে কোহলিকে।আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৫৬৬টি ইনিংসে ২৫,৯২৩ রান করেছেন কোহলি। এত দিন এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। ৬০১টি ইনিংসে ২৬,০০০ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। বৃহস্পতিবার পুণেতে সেই রেকর্ড ভেঙে ফেলতে পারেন বিরাট।

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন জন ব্যাটসম্যান ২৬ হাজারের বেশি রান করেছেন। এই তালিকায় প্রথম স্থানে আছেন সচিন তেন্ডুলকর। ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭৮২টি ইনিংসে ৩৪,৩৫৭ রান করেছেন মাস্টার ব্লাস্টার। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ৬৬৬টি ইনিংসে ২৮,০১৬ রান করেছেন দ্বীপরাষ্ট্রের এই ব্যাটসম্যান। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ৬৬৮টি ইনিংসে ২৭,৪৮৩ রান করে তৃতীয় স্থানে আছেন অজি প্রাক্তনী।
এরআগেও সচিনের একাধিক রেকর্ড ভেঙেছেন কোহলি। বৃহস্পতিবার পুণেতে অপেক্ষা করে আছে আরও একটি রেকর্ড। তবে বৃহস্পতিবার না পারলেও সচিনের রেকর্ড ভাঙার জন্য এখনও ৩৪টি ইনিংস হাতে রয়েছে কোহলির।

শুধু কোহলি নয় শুভমান গিল থেকে জসপ্রীত বুমরাহ প্রত্যেকের কাছে এই ম্যাচে রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। বুমরাহ ছুঁতে পারেন কপিল দেবের কৃতিত্বকে। এই ম্যাচে ২ উইকেটে পেলেই বিশ্বকাপে কপিলের সমান উইকেট সংখ্যা হয়ে যাবে বুমরাহের।
এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচের পরিসংখ্যান টিম ইন্ডিয়া এগিয়ে আছে ৩-১ফলে। কিন্তু একদিনের বিশ্বকাপে যখনই এই দুই দল মুখোমুখি হয় ভেসে আসে ২০০৭ সালের সেই অঘটনের ম্যাচের কথা। তবে পুণেতে যে অনেক এগিয়ে থেকেই শুরু করবে রোহিত ব্রিগেড। তা বলাই বাহূল্য।












Click it and Unblock the Notifications