ICC World Cup 2023: বিরাট কোহলি জন্মদিনে ইডেনেই গড়বেন বিশ্বরেকর্ড! কীসের কথা বলছেন সুনীল গাভাসকর?
ICC World Cup 2023: বিরাট কোহলি চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। যেটি ছিল একদিনের আন্তর্জাতিকে তাঁর ৪৮তম শতরান। নিউজিল্যান্ড ম্যাচে কোহলি আউট হন ৯৫ রানে।
একদিনের আন্তর্জাতিকে ৪৬৩টি ম্যাচ ও ৪৫২ ইনিংসে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ৪৯। সেই বিশ্বরেকর্ড স্পর্শ করতে বিরাট কোহলি এক ধাপ পিছনে। জল্পনা চলছে, এই বিশ্বকাপেই বিরাট নয়া বিশ্বরেকর্ড গড়বেন কিনা।

সুনীল গাভাসকরের ভবিষ্যদ্বাণী বিরাটের ব্যাটে ৫০তম শতরানটি আসবে কলকাতায়। বিরাটের জন্মদিনেই। আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারতের ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্য়াচে যদি বিরাটের ৫০তম শতরানটি আসে তাহলে ৪৯তম শতরান হাঁকানোর জন্য বিরাট পাচ্ছেন দুটি ম্যাচ।
আগামী রবিবার লখনউয়ে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। তারপর রোহিত শর্মারা পা রাখবেন কলকাতায়। ফলে লখনউ বা মুম্বইয়ে বিরাট যদি সচিনের বিশ্বরেকর্ড স্পর্শ করে ফেলেন, তাহলে জন্মদিনে ওডিআইয়ে নয়া বিশ্বরেকর্ড তিনি গড়তে পারেন নিজের জন্মদিনে ক্রিকেটের নন্দনকাননে।

কোহলি ৩৫ বছর পূর্ণ করে ৩৬-এ পা রাখবেন এবার কলকাতায় থাকাকালীন। গাভাসকর স্টার স্পোর্টসে বলেছেন, কোহলি ৫০তম ওডিআই শতরানটি ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করবেন। জন্মদিনে এর চেয়ে বড় কীর্তি আর কী-ই হতে পারে? কলকাতার দর্শকরা কেউ শতরান করলে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান।
গাভাসকর বরাবরই ইডেনের দর্শকদের প্রশংসা করে থাকেন। নিজেদের দেশকে সমর্থনের পাশাপাশি ভারতের প্রতিপক্ষ দলের কেউ ভালো খেললেও তাঁদের কীর্তিকে সম্মান জানান ইডেনের ক্রিকেটপ্রেমীরা। ফলে বিদেশি ক্রিকেটাররাও ইডেন থেকে সুখস্মৃতি নিয়ে ফেরেন। তাঁদের কথাতেও বারবার উঠে আসে এই বিষয়টি। প্রত্যেক ক্রিকেটার তাই ইডেনে নামতে মুখিয়ে থাকেন।
সচিনের ৪৯টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ড ভেঙে কোহলি তাঁর জন্মদিনে ৫০তম ওডিআই শতরান পেলে মোহময়ী ইডেনের দৃশ্য কেমন হবে তা এখন থেকেই মনঃচক্ষুতে দেখতে পাচ্ছেন সানি। তিনি বলেন, কোহলি শতরান পেলে দর্শকরা স্ট্যান্ডিং ওভেশন দেবেন, করতালিতে মুখরিত হবে ইডেন গার্ডেন্স, শিসধ্বনিও শোনা যাবে। এমন পরিবেশ সব ক্রিকেটারের কাছেই স্মরণীয় সম্পদ বলে মন্তব্য গাভাসকরের।
বিরাট কোহলি ইডেনে সাতটি একদিনের আন্তর্জাতিক খেলে ৩৩০ রান করেছেন। সর্বাধিক ১০৭, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। গড় ৪৭.১৪, স্ট্রাইক রেট ৮৮.৯৪। ওডিআইয়ে ইডেনে বিরাটের একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। একবার আউট হয়েছেন শূন্য রানে।












Click it and Unblock the Notifications