ICC CWC 2023: বিশ্বকাপের মধ্যেই বড় বিপদ এড়াল ইংল্যান্ড, অটো দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন ২ তারকা
ICC World Cup 2023: বিশ্বকাপ খেলতে এসে বড়সড় বিপদ থেকে রক্ষা পেল ইংল্যান্ড। দলের কন্ডিশনিং কোচ অ্যান্ডি মিচেলের সঙ্গে অটোয় চেপেছিলেন বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন।
ফিটনেসজনিত কারণে চলতি বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারেননি স্টোকস। দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেললেও হতাশ করেছেন। তবে ইংল্যান্ডের দুই ক্রিকেটার দুর্ঘটনার কবলে পড়লে চরম সমস্যায় পড়ত গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইংল্যান্ড আজ বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করছে। এই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বেন স্টোকসের ইনস্টাগ্রামে একটি ভিডিও থেকেই তাঁদের বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার কথা জানা গিয়েছে। সাপোর্ট স্টাফের সঙ্গে ইংল্যান্ডের দুই নির্ভরযোগ্য অলরাউন্ডার কোথায় এবং কেন অটোয় চেপেছিলেন তা স্পষ্ট নয়।

তবে মনে করা হচ্ছে ভিডিওটি দিল্লি কিংবা মুম্বইয়ের হতে পারে। দেখা যাচ্ছে, প্রবল গতিতে ফাঁকা রাস্তা দিয়ে অটোটি ছুটে চলেছে। পিছনের সিটে ছিলেন স্টোকস, লিভিংস্টোন ও মিচেল। সকলেই দীর্ঘদেহী। ফলে তাঁদের বেশ চাপাচাপি করেই যে বসতে হয়েছিল সে কথা জানিয়েছেন স্টোকস। অটো থেকেই তাঁরা ভিডিও তুলছিলেন।
হঠাৎ দেখা যায় অটোটির সামনে এসে পড়ল সাদা রংয়ের একটি গাড়ি। একটু এদিক-ওদিক হলেই অটোটির সঙ্গে ধাক্কা লাগতো গাড়িটির। যদিও বরাতজোরে বেঁচে যান ক্রিকেটাররা। অটোটি জোরেই ছুটছিল তা স্টোকসের বর্ণনা এবং ভিডিওতেই স্পষ্ট। বেপরোয়া গতিতে ছুটে চলা অটোর সঙ্গে বিভিন্ন শহরে থাকা ভারতীয়রা যে পরিচিত, তা স্টোকসের পোস্টে কমেন্ট বক্সে লিখেছেন অনেকে।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ড একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে। হেরেছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধেও স্বস্তিতে নেই জস বাটলারের দল। ১০ ওভারে স্কোর ২ উইকেটে ৫৯। ওপেনার ডেভিড মালান ২৫ বলে ২৮ রান করে আউট হয়েছেন। জো রুট ১০ বলে ৩ রান করে রান আউট হন। ওপেনিং জুটিতে ওঠে ৪৫। দ্বিতীয় উইকেট পড়ে ৫৭ রানে।












Click it and Unblock the Notifications