ICC World Cup 2023: শ্রীলঙ্কা বিশ্বকাপে নামবে হাসারঙ্গা ও চামিরাকে ছাড়াই, চূড়ান্ত দলে ভাগ্য খুলল কাদের?
ICC World Cup 2023: জল্পনা-কল্পনার অবসান। ওয়ানিন্দু হাসারঙ্গা ও দুষ্মন্ত চামিরা শেষ অবধি ছিটকেই গেলেন বিশ্বকাপ থেকে। এই দুই তারকাকে বাইরে রেখেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল শ্রীলঙ্কা।
হাসারঙ্গাকে রেখে বিশ্বকাপের দল ঘোষণার কথা জানা গিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। যদিও সেই ঝুঁকি না নিয়েই দল ঘোষণা হয়েছে। তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি দাসুন শনাকার দলকে ভোগাবে বলে অভিমত বিশেষজ্ঞদের।

১৫ সদস্যের দলে চমক তেমন নেই। এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা দলে যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে জায়গা পেয়েছেন দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা। প্রমোদ মাদুশান ও বিনুরা ফার্নান্দোকে রাখা হয়নি চূড়ান্ত দলে। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে চামিকা করুণারত্নেকে।
৩১ বছরের চামিরা গত টি ২০ বিশ্বকাপেও গোড়ালির চোটের কারণে খেলতে পারেননি। গত জুনে আফগানিস্তান সিরিজে খেলেছিলেন, বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি ম্যাচেও মাঠে নামেন। এরপর থেকেই চোটের কারণে তিনি মাঠের বাইরে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে পেক্টোরাল মাসলে চোট পান। মনে করা হচ্ছিল, বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন।

নেটে বোলিংও শুরু করেছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হলো না। হাসারঙ্গাকে নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছে, চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন হাসারঙ্গা। তাঁর ফিটনেস মনিটর করা হচ্ছে। যদি খেলার মতো জায়গায় চলে আসেন তাহলে কোনও প্লেয়ারের চোট লাগলে হাসারঙ্গাকে দলে নেওয়া হবে।
চোট সারিয়ে বিশ্বকাপে নামার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করছেন স্পিনার মাহিশ থিকশানা। তিনি এশিয়া কাপ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান। অবলিক মাসলের চোট সারিয়ে ফিরলেন মাদুশঙ্কা। সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি লাহিরু কুমারা। তিনি এমনিতেই চোটপ্রবণ।
বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার চূড়ান্ত দল- দাসুন শনাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), পাথুম নিসঙ্কা, কুশল পেরেরা (উইকেটকিপার), দিমুথ করুণারত্নে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সমরবিক্রমা (উইকেটকিপার), দুশান হেমন্ত, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা। ট্রাভেলিং রিজার্ভ- চামিকা করুণারত্নে।












Click it and Unblock the Notifications