ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ইংল্যান্ডের, দাপুটে জয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল শ্রীলঙ্কা
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিল ইংল্যান্ড। আজ বেঙ্গালুরুতে শ্রীলঙ্কা চূর্ণ করল জস বাটলারের দলকে। গতবারের চ্যাম্পিয়নদের শেষ চারে ওঠা টিকে শুধু অঙ্কের জটিল সমীকরণে।
টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলেছিল ৩৩.২ ওভারে ১৫৬ রান। ১৪৬ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল শ্রীলঙ্কা। অর্ধশতরান করে অপরাজিত থাকলেন পাথুম নিসঙ্কা ও সাদিরা সমরবিক্রমা।

১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। প্রথম উইকেট পড়ে ৯ রানে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ২৩ রানের মাথায়। ওপেনার কুশল পেরেরা ৫ বলে ৪ রান করে ডেভিড উইলির শিকার। এরপর উইলিই ফেরান অধিনায়ক কুশল মেন্ডিসকে, তিনি ১২ বলে ১১ রান করে কট বিহাইন্ড হন।
এরপর আর শ্রীলঙ্কার উপর কোনও চাপই তৈরি করতে পারেননি ইংল্যান্ডের ব্য়াটাররা। নিসঙ্কা ও সমরবিক্রমা ১২২ বলে অবিচ্ছেদ্য ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। নিসঙ্কা ৫৪ বলে এবং সমরবিক্রমা ৪৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ওপেন করতে নামা নিসঙ্কা ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন।
৭টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন সমরবিক্রমা। উইলি ৫ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। অধিনায়ক বাটলার মোট ৬ বোলারকে ব্যবহার করেন। উইলি ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। এই পরাজয়ের ফলে ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয়ে নেমে গেল ইংল্যান্ড, নেট রান রেট মাইনাস (-)১.৬৩৪।

ব্যাটিং সহায়ক পিচে ইংল্যান্ড ১৫৬ রানে গুটিয়ে যায়। যা চিন্নাস্বামী স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিকে দলগত সর্বনিম্ন স্কোর। বেন স্টোকস ৪৩, জনি বেয়ারস্টো ৩০, ডেভিড মালান ২৮, মঈন আলি ১৫ ও ডেভিড উইলি অপরাজিত ১৪ রান করেন। ম্যাচের সেরা লাহিরু কুমারা ৭ ওভারে ৩৫ রান খরচ করে নিলেন তিন উইকেট। কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্য়াথিউজ ২টি করে এবং মাহিশ থিকশানা ১ উইকেট পান।
শ্রীলঙ্কা চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল এদিন। তারা পয়েন্ট তালিকায় আপাতত পঞ্চম স্থানে। শ্রীলঙ্কার ৫ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.২০৫। শ্রীলঙ্কা প্রথম তিনটি ম্যাচে হারার পর নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে পরাস্ত করল। তাদের ম্য়াচ বাকি আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
সেমিফাইনালে ওঠার জন্য ম্যাজিক ফিগার ১০ পয়েন্ট হলে ইংল্যান্ডকে বাকি সব ম্যাচে জিততে হবে। নেট রান রেট উন্নত করতে হবে, সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলগুলির উপরেও। ফলে সম্ভাবনা খুবই ক্ষীণ। ইংল্যান্ডের ম্যাচ বাকি ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications