ICC World Cup 2023: হাসারঙ্গাদের নিয়ে বড় ঝুঁকি নিল শ্রীলঙ্কা, ১৫ জনের মধ্যে ৩ ক্রিকেটারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা
ICC World Cup 2023: শ্রীলঙ্কা ক্রিকেট বা আইসিসির তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী ইতিমধ্যেই ১৫ সদস্যের দল চূড়ান্ত করে ফেলা হয়েছে। যদিও তিন ক্রিকেটার এখনও ফিট নন।
দাসুন শনাকাই নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কাকে। সহ অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে। মোট ১২ জন ক্রিকেটার পুরোপুরিভাবে ফিট। ৩ জনের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।

শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় স্বস্তির খবর ওয়ানিন্দু হাসারঙ্গা বিশ্বকাপের দলে রয়েছেন। একইসঙ্গে মাহিশ থিকশানা ও দিলশান মাদুশঙ্কাকেও রাখা হয়েছে বিশ্বকাপের দলে। এই দুজনেই চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন। তিনজনের মধ্যে একমাত্র থিকশানার ফিটনেস তুলনামূলক ভালো জায়গায় বলে জানা যাচ্ছে।
লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর মতো তারকা ক্রিকেটার বিশ্বকাপে খেলতে না পারলে তা শ্রীলঙ্কার পক্ষে বড় সমস্যার কারণ হতো। সমস্যা দেখা দিয়েছিল রিহ্যাব চলাকালীন ফের হাসারঙ্গা চোট পাওয়ায়। তবে জানা যাচ্ছে, তাঁর চোট সারাতে অস্ত্রোপচার জরুরি নয়।
ফলে প্রথমদিকের কিছু ম্যাচে যদি হাসারঙ্গা খেলতে নাও পারেন এবং পরের দিকে নামেন তাহলেও লাভবান হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে বিশ্বকাপে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হাসারঙ্গার। ব্যাটে-বলে সফল হন লঙ্কা প্রিমিয়ার লিগেও। তাঁর নেতৃত্বাধীন দল বি-লাভ ক্যান্ডি চ্যাম্পিয়ন হয়। দলকে ফাইনালে তুলতে অগ্রণী ভূমিকা নিলেও ফাইনালে খেলতে পারেননি হাসারঙ্গা।

মাহিশ থিকশানাও শ্রীলঙ্কার অন্যতম তারকা ক্রিকেটার। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ভারতের বিভিন্ন মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনিও সুস্থ হয়েই বিশ্বকাপ খেলতে পারবেন বলে আশাবাদী শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। তিন ক্রিকেটারের ফিটনেস নিয়ে সংশয় থাকায় ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে দুশান হেমন্ত ও চামিকা করুণারত্নেকে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল- দাসুন শনাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), পাথুম নিসঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুণারত্নে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সমরবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা। এ ছাড়াও ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা ও দিলশান মাদুশঙ্কা (ফিটনেসের উপর নির্ভর করছে খেলা)।
ট্রাভেলিং রিজার্ভ- দুশান হেমন্ত ও চামিকা করুণারত্নে। বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ৭ অক্টোবর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও ৩ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ২ নভেম্বর ওয়াংখেড়েতে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ।












Click it and Unblock the Notifications