ICC World Cup 2023: রোহিতদের পাফরম্যান্সে উচ্ছসিত সৌরভ, সেমিতে ভারতের প্রতিপক্ষ নিয়ে জেনে নিন দাদার পছন্দ
শেষ লগ্নে বিশ্বকাপের গ্রুপ লিগের লড়াই। ইতিমধ্যেই পয়েন্ট টেবিল অনুযায়ী বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। বাকি একটি স্থানের জন্য লড়াই চালাচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড জিতলেই অনেকটাই কঠিন হয়ে যাবে পাকিস্তানের লড়াই, সেইসঙ্গে আশাও অনেকটা ফিকে হয়ে যাবে বাবর আজমদের।
সেমিফাইনা লে ভারতের প্রতিপক্ষ কে হবে? বিশ্বকাপের নিয়ম অনুসারে, গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে থাকা প্রথম দল বনাম চতুর্থ দল এবং দ্বিতীয় দল বনাম তৃতীয় দলের খেলা হবে। সেই অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ইডেনে এবং ভারত পাকিস্তান/নিউজিল্যান্ড/ আফগানিস্তানের বিপক্ষে খেলবে মু্ম্বইয়ের ওয়াংখেড়েতে।

কিন্তু এই সরল হিসেবে আছে একটা টুইস্ট। যদি পাকিস্তান কোনোভাবে সেমিফাইনালে আসে তাহলে ভারত ইডেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া আয়োজিত হবে মুম্বইয়ে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সেমিফাইনাল নিয়ে মুখ খুললেন সৌরভ। দাদার পছন্দ ভারত-পাকিস্তান সেমিফাইনাল। সেই ম্যাচ আবার হবে ইডেনে।
সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসেছে দিল্লি দলের অনুশীলন শেষে সৌরভ বলছেন, 'ইডেনে সেমিফাইনাল বলে আরও বেশি করে ভারত-পাকিস্তান চাইছি। আজও ওই ম্যাচের কোনও বিকল্প হয় না।' একইসঙ্গে রোহিতদের বর্তমান পারফরম্যান্স নিয়েও নিজের মতামত দিয়েছেন সৌরভ। অনেক ক্ষেত্রেই ২০০৩ সালের সঙ্গে বর্তমান দলের তুলনা করছেন।
রবিবার দক্ষিণ আফ্রিকাকে বিরাট ব্যবধানে হারায় ভারতীয় দল। সেই সঙ্গেএই নিয়ে চলতি বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতলো অধিনায়ক রোহিতের দল। এটি ভারতীয় দলের এক বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে সৌরভের নেতৃত্বে বিশ্বকাপে ভারতীয় দল ২০০৩ বিশ্বকাপে টানা আটটি ম্যাচে জয় পেয়েছিল।মহারাজ বলেছেন, 'ভারত ভালো খেলছে।আমরাও ৮টা জিতেছিলাম টানা। রোহিতরা যেন না থামে। ১১এ ১১ করে ট্রফি জিতুক।'
একইসঙ্গে ম্যাক্সওয়েলের ইনিংসকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেন দাদা। চলতি বিশ্বকাপের ঝড়ের নাম ম্যাক্সওয়েল, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর রূপকথার ব্যাটিং দেখেছিল ক্রিকেট বিশ্ব। সৌরভ বলছেন, 'ম্যাক্সওয়েল একটা অবিশ্বাস্য ইনিংস খেলে গেল। ওই রকম চোট নিয়ে এমন ব্যাট করা সত্যিই কঠিন। তার মধ্যেও যে এমন খেলা যায়, ম্যাক্সওয়েলকে না দেখলে বিশ্বাস হত না।'
দাদার পছন্দ মিলে গেলে কলকাতায় কিন্তু ক্রিকেট উৎসব জমে যাবে। ২০১৬ সালের পর আবার ইডেনে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।












Click it and Unblock the Notifications