ICC World Cup 2023: বিধায়কদেরও চাই টিকিট, সমাধান সূত্রের খোঁজে স্পিকারের সঙ্গে স্নেহাশিসের বৈঠক
ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে টিকিট নিয়ে সমস্যায় জেরবার সিএবি। সদস্যরা টিকিট না পেয়ে বঙ্গ ক্রিকেটের সদর দপ্তরের সামনে প্রায়শই বিক্ষোভ দেখাচ্ছেন। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলেও মঙ্গলবার পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে অর্ধেকের বেশি আসন পূর্ণ ছিল। রবিবার ভারতের ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে, এরইমধ্যে সিএবির উপর চাপ বাড়ালেন বিধানসভার সদস্যরা।
বিধানসভার ঠিক পাশেই ক্রিকেটের নন্দনকাননে শুরু হয়েছে বিশ্বকাপ উৎসব। ইতিমধ্যেই দুটি ম্যাচ হয়েও গিয়েছে। বাকি রয়েছে তিনটি ম্যাচ। এই পরিস্থিতিতে টিকিটের দাবিতে সরব হয়েছেন বিধায়করা। ইডেনের ম্যাচের টিকিট কেন বিধায়কদের দেওয়া হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিএবিকে চিঠি দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আমরা বিধানসভা থেকে একটা চিঠি পাঠিয়েছিলাম সিএবি সভাপতির কাছে। বিধানসভার পাশেই এতবড় খেলা হচ্ছে। কিন্তু আমাদের বিধায়কদের কোনও কম্পিমেন্টারি টিকিট দেওয়া হয়নি। যাতে প্রত্যেক বিধায়ককে একটা করে কম্পিমেন্টারি টিকিট দেওয়া হয় সেই অনুরোধ করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে মাননীয় স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আমাদের অফিসে এসেছিলেন। তিনি অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।'
একইসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'সিএবি সভাপতি কথা দিয়েছেন তাঁর দিক থেকে যতটা সহযোগিতা করা সম্ভব তিনি করবেন। আমার অফিসকে আমি বলেছি টিকিট আসলে পরে এখান থেকে তা বিতরণ করা হবে। প্রত্যেক দলের পরিষদীয় বিধায়কদের একটা করে নোটিশ দেওয়া হবে। সদস্যরা ব্যক্তিগতভাবে এসে টিকিট সংগ্রহ করে নিয়ে যাবেন।'
এমনিতেই টিকিটের সুষ্ঠ বিতরণ নিয়ে বিতর্কে জেরবার সিএবি কর্তারা। এরইমধ্যে বাড়ছে কোটার সংখ্যা। সবার মন রেখে টিকিট বিতরণ করাই সবথেকে বড় চ্যালেঞ্জ সিএবির কাছে।












Click it and Unblock the Notifications