ICC CWC 2023: সিরাজ চোট পেয়ে মাঠের বাইরে যেতেই বোলিং নিয়ে সমস্যায় রোহিত, ডাকলেন বিরাট, শুভমান,সূর্যকে
ICC CWC 2023: হার্দিক পাণ্ডিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই ভারতীয় দলকে ষষ্ঠ বোলার নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। হেড কোচ রাহুল দ্রাবিড় মজা করে বলেছিলেন, আমাদের ষষ্ঠ বোলার বিরাট কোহলি।
তবে সেই মজা আর মজা রইল না চোট পেয়ে মহম্মদ সিরাজ বেশ কিছুক্ষণের জন্য মাঠের বাইরে যেতে। অবস্থা সামাল দিতে নেদারল্যান্ডস ম্যাচে বোলিংয়ের জন্য বিরাট কোহলি, শুভমান গিলকে ডাকতে হলো রোহিত শর্মাকে।

নেদারল্যান্ডস ইনিংসের ১৫তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে চোট পান মহম্মদ সিরাজ। এই ওভারের চতুর্থ বলটিতে ম্যাক্স ও'ডাউড যে শটটি খেলেছিলেন তা ক্যাচ আকারে যায় লং অন অঞ্চলে। কিন্তু সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি মহম্মদ সিরাজ। গলার কাছে গিয়ে বল লাগে। কুলদীপ যাদব ও রোহিত শর্মার হাবেভাবে বোঝা যায় এই ক্যাচ মিস ভালোভাবে নেননি তাঁরা।
এরপরই মাঠ থেকে বেরিয়ে যান সিরাজ। ফিজিও ছুটে যান। মাঠের ধারেই শুরু হয় শুশ্রূষা। এমনকী কনকাসন টেস্টও করা হয়। এতেই সংশয় বাড়ে ক্রিকেটপ্রেমীদের। এরপর কিছুক্ষণ ডাগআউটে বসে ফের মাঠে নামেন সিরাজ। কিন্তু ততক্ষণে ডাচদের বিরুদ্ধেও বোলিং কম্বিনেশন নিয়ে অস্বস্তি ধরা পড়ে। মাঠে ফেরার পরেও জসপ্রীত বুমরাহর বলে সিব্রান্ড এঙ্গেলব্রেখটের ক্যাচ তালুবন্দি করতে পারেননি সিরাজ।
সিরাজ এদিন ১টি মেডেন-সহ ৪ ওভারে ২৫ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। ওপেনার ওয়েসলি বারেসিকে তিনি সাজঘরে ফেরান। তবে যেটা চিন্তার বিষয় তা হলো, সিরাজ চোট পাওয়ার পর থেকে দীর্ঘক্ষণ বোলিং করেননি। তাঁর চোট কতটা গুরুতর, সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়।
যদিও ডাচদের ইনিংসের ৩৬তম ওভারে সিরাজ নিজের পঞ্চম ওভারটি করতে যান। নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টে ভারতের শক্ত গাঁট। ভারতের বোলাররা এবার বিশ্বকাপে যে ছন্দে রয়েছেন তাতে ষষ্ঠ বোলারের প্রয়োজন পড়বে না বলে অনেকেই মনে করছেন। যদিও এদিন সিরাজের চোট পেয়ে কিছুক্ষণের জন্য বাইরে যাওয়া এই ষষ্ঠ বোলার অপশন নিয়ে চর্চায় ইন্ধন দিচ্ছে।
বিরাট কোহলি ৯ বছর পর ওডিআইয়ে কেরিয়ারের পঞ্চম উইকেটটি পেলেন। তিনি ৩ ওভারে ১৩ রান দিয়ে ১টি উইকেট পান। শুভমান গিল ২ ওভারে ১১, সূর্যকুমার যাদব ২ ওভারে ১৭ রান দিয়েছেন। রোহিত এখনও অবধি ৮ জন বোলার ব্যবহার করেছেন। ভারত অবশ্য সহজ জয়ের দিকেই এগিয়ে চলেছে। লিগ পর্বে নয়ে নয় করে গড়তে চলেছে নয়া বিশ্বরেকর্ড।












Click it and Unblock the Notifications