ICC World Cup 2023: দেখতে চান রোহিত-বিরাটদের ম্যাচ! কবে থেকে, কীভাবে পাবেন বিশ্বকাপের টিকিট?
বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই খোঁজ শুরু হয়েছে টিকিটের। ২০১৬ সালের পর আবার আইসিসির কোনও ইভেন্ট হতে চলেছে ভারতের মাটিতে। সবথেকে বেশি চাহিদা রয়েছে ১৫ অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচের নিয়ে। আর কলকাতার সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা বেশি ভারত দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচ নিয়ে।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। ৮ অক্টোবর চেন্নাইয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, টিকিট কাটার পুরো প্রক্রিয়াকেই অনলাইনে করতে চাইছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ফলে ঘরে বসেই পছন্দমতো টিকিট কেটে নেওয়া যাবে। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলার মধ্যেও পড়তে হবে না ক্রিকেটপ্রেমীদের।

সূত্রের খবর, টিকিটের দাম যাতে মধ্যবৃ্ত্তের নাগালের মধ্যে থাকে সেই চিন্তাভাবনাও রাখছে বিসিসিআই এবং আইসিসি। ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে থাকবে বিশ্বকাপের টিকিটের দাম। তবে ম্যাচ ও ভেনু অনুযায়ী টিকিটের দামে পরিবর্তন হবে।
এবার যেহেতু প্রথম ও শেষ ম্যাচ অহমেদাবাদে আয়োজিত হবে তাই এই শহরের হোটেল ও বিমানের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। বিশ্বকাপের সূচি ঘোষণার পরই এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে আহমেদাবাদের হোটেলের দাম।
বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচের সময়ে হোটেলের বুকিংয়ে ছ্যাকা লাগতে পারে ক্রিকেটপ্রেমীদের। একটি ল্যাক্সারি হোটেলে একরাতে থাকার দাম ছুঁয়েছে ৫০ হাজারে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই হিড়িক বেড়েছে গুজরাতের রাজধানী শহরের হোটেল বুকিংয়ের। চাহিদার সঙ্গেই পাল্লা দিয়েছে অগ্রিম বুকিংয়ের খরচও।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে নাম প্রকাশে অনিচ্ছিক এক কর্তা জানিয়েছেন, 'চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও সময় রয়েছে। আমি চাইছি পুরো বিষয়টা অনলাইন রাখতে। আমাদের সঙ্গে টিকিট পার্টনারদের কথা চলছে। আগামী সপ্তাহে টিকিটের বিষয়ে বিস্তারিত জানানো হবে। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল। তবে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। হোটেলের দাম আমাদের হাতে নেই।'
টিকিট বিক্রি শুরু না হলেও বিমান ও বাকি জিনিসের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে সমর্থকদের। আর্কষণের কেন্দ্রবিন্দুতে ভারত পাক ম্যাচই।












Click it and Unblock the Notifications