ICC World Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না গিল, কবে মাঠে ফিরবেন টিম ইন্ডিয়ার ওপেনার?
আশঙ্কাই সত্যি হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের পর এবার আফগানিস্তানের বিরুদ্ধেও সম্ভবত খেলতে পারবেন না শুভমান গিল। ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আগের থেকে কিছুটা সুস্থ হলেও এখনও ম্যাচ খেলার মতো জায়গায় পৌঁছাননি শুভমান, ফলে তাঁকে বাইরে রেখেই দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে টিম ম্যানেজমেন্টকে।
সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুসারে প্রথমে জানা গিয়েছিল, দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং দলের সঙ্গেই দিল্লি যাচ্ছেন গিল। দলের সঙ্গে থেকেই বিশ্রামে থাকবেন শুভমান। চণ্ডীগড়ে বাড়িতে ফিরে যাওয়ার তাঁর কোনও পরিকল্পনা নেই। টিম ইন্ডিয়ার এক সূত্র এএনআইকে জানিয়েছেন, 'গিল ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।দলের সঙ্গেই থাকবেন, বাড়ি ফিরে যাওয়ার সম্ভাবনা নেই।'

কিন্তু বেলাশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারিভাবে জানিয়ে দিল আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না গিল। দলের সঙ্গে দিল্লিও যাচ্ছেন না। চেন্নাইয়ে মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন।
সংবাদ সংস্থাকে সূত্র জানিয়েছেন, 'পাকিস্তান ম্যাচে সম্ভবত খেলতে পারবেন গিল।। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট গিলের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় আছেন।' বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বর্তনানে জ্বর কমে গিয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটারের।
শুভমান যেহেতু একজন তরুণ অ্যাথলিট, তাই বাকি পাঁচজনের চেয়ে দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু মাঠে নামার মতো অবস্থায় আসতে গিলের আরও কিছু দিন সময় লাগবে। কারণ তাঁকে খেলতে হবে একদিনের ম্যাচ। আট ঘণ্টা ধরে ম্যাচ চলবে। রোদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ফিল্ডিংও করতে হবে।

ম্যাচের আগের দিন চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে এসে গিল প্রসঙ্গে রোহিত বলেন, 'না ওকে নিয়ে উদ্বেগের কিছু নেই। অবশ্যই ও অসুস্থ। কিন্তু আমরা প্রত্যেকেই আগে মানুষ। আমি অধিনায়ক হিসেবে ভাবছি না। আগে মানুষ হিসেবে চাই গিল দ্রুত সুস্থ হয়ে উঠুক। অবশ্যই চাই কালকের ম্যাচ খেলুক। ও যুব ক্রিকেটার খবু দ্রুত সুস্থ হয়ে উঠবে।'













Click it and Unblock the Notifications