ICC World Cup 2023: বড় ধাক্কা বাংলাদেশ দলের, বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে যাচ্ছেন শাকিব
বিতর্ককে সঙ্গী করেই বিশ্বকাপ অভিযান শেষ হল শাকিব আল হাসানের। খাতায় কলমে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। কিন্ত এখনও বিশ্বকাপে একটি ম্যাচ বাকি আছে। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। কিন্তু তার আগেই বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। চোট পেয়ে দেশে ফিরে গেলেন অধিনায়ক শাকিব আল হাসান।
বিশ্বকাপে এখনও বাংলাদেশের একটি ম্যাচ খেলা বাকি। কিন্তু সেই ম্যাচের আগে দেশে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ফলে অস্ট্রেলিয়ার ম্যাচ থেকে ছিটকে গেলেন শাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে দল দিল্লি থেকে পুণে গেলেও শাকিব দেশে ফেরার বিমান ধরলেন।

শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ বলে ৮২ রান করেন। ১২টি চার এবং দু'টি ছক্কা মারেন তিনি। তাঁর ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নেয় বাংলাদেশ।বাংলাদেশ যদিও আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। তাই শেষ ম্যাচের খুব একটা গুরুত্ব নেই দলের কাছে।
চলতি বিশ্বকাপে এরআগেও চোট পেয়েছিলেন শাকিব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পান বাংলাদেশ শিবিরের দলনেতা। নিউ জ়িল্যান্ডের ইনিংসের ১৫ ওভারের পর মাঠ ছেড়েছিলেন শাকিব। ব্যাট করার সময় চেন্নাইয়ের গরমে তাঁর বাম পায়ের উরুর পেশিতে টান ধরে। তাই শট রান নেওয়ার বদলে বড় শট খেলে রান তোলার চেষ্টা করেছিলেন তিনি। চেন্নাইয়ের এক হাসপাতালে শাকিবের উরুর স্ক্যান করানো হয়।
সেই চোটের কারণে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি শাকিব আল হাসান। এমনকি এরআগেও বিশ্বকাপ চলাকালীন ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছিলেন। কলকাতায় নেদারল্যান্ডস ম্যাচের আগে ছোটবেলার কোচের কাছে পরামর্শ নিতে যান অফ ফর্ম কাটিয়ে তোলার জন্য। ডাচদের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতায় চলে আসেন শাকিব।কিন্তু শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়ে এবার বিশ্বকাপ অভিযানই সমাপ্ত হয়ে গেল শাকিবের।
দলের ফিজিও জানিয়েছেন, 'শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ইনিংসের শুরুতেই বাম তর্জনীতে আঘাত পেয়েছিলেন, কিন্তু সহায়ক টেপিং এবং ব্যথানাশক দিয়ে ব্যাটিং চালিয়ে যান। খেলার পরে তিনি দিল্লিতে একটি জরুরি এক্স-রে করান। রিপোর্ট আসার দেখা গিয়েছে ক্ষতস্থানে কিছুটা চিড় ধরা পড়েছে। তাঁর পুরো ফিট হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে অনুমান করা হয়। ফলে আজই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।'












Click it and Unblock the Notifications