ICC CWC 2023: ফাঁকা ইডেনে শাহিন শাহ আফ্রিদির বিশ্বরেকর্ড, কোন নজির গড়ে চাপে রাখলেন বাংলাদেশকে?
ICC CWC 2023: ইডেনে আজ চলছে বিশ্বকাপের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ। টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে লড়াইয়ের জায়গায় পৌঁছনোর আপ্রাণ চেষ্টা করছে টাইগাররা। তবে দুই দলের মতোই বেহাল ইডেন। আজও ভরল না মাঠ।
এই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন শাহিন শাহ আফ্রিদি। শাহিদ আফ্রিদির জামাই তথা পাকিস্তানের সেরা পেসার একদিনের আন্তর্জাতিকে বিশ্বের তৃতীয় দ্রুততম হিসেবে ওডিআইয়ে ১০০টি উইকেট পেলেন। পেসারদের মধ্যে যা দ্রুততম।

আজকের ম্যাচের প্রথম ওভারে আফ্রিদির পঞ্চম বলে তানজিদ হাসানের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার নীতিন মেনন আউট দেন। রিভিউ নেয় বাংলাদেশ, যাতে দেখা যায় আম্পায়ারস কল। ফলে সাজঘরে ফিরতে হয় তানজিদকে। বাংলাদেশ প্রথম উইকেট হারায় স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই।
তানজিদ একদিনের আন্তর্জাতিকে আফ্রিদির শততম শিকার। কেরিয়ারের ৫১তম ম্যাচে তিনি এই নজির গড়লেন। ভেঙে দিলেন মিচেল স্টার্কের কীর্তি। ২০১৬ সালের অগাস্টে কলম্বোয় আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ৫২তম ম্যাচে তিনি শততম ওডিআই উইকেট পান। শেন বন্ড ও মুস্তাফিজুর রহমানের লেগেছিল ৫৪টি করে ম্যাচ। ব্রেট লি-র লাগে ৫৫টি ম্যাচ।
একদিনের আন্তর্জাতিকে দ্রুততম বোলার হিসেবে শততম উইকেট ঝুলিতে পুরেছিলেন সন্দীপ লামিছানে। নেপালের স্পিনার নিজের ৪২তম ওডিআই ম্যাচে এই নজির গড়েন। আফগানিস্তানের রশিদ খান শততম ওডিআই উইকেটটি পেয়েছিলেন নিজের ৪৪তম ম্যাচে।

পাকিস্তানের বোলার হিসেবে দ্রুততম ১০০টি ওডিআই উইকেট নেওয়ার নিরিখে সাকলিন মুস্তাকের ২৬ বছরের পুরানো রেকর্ড ভাঙলেন আফ্রিদি। পাক পেসারদের মধ্যে দ্রুততম ১০০টি ওডিআই উইকেট নেওয়ার নজির এতদিন ছিল ওয়াকার ইউনিসের দখলে।
এখনও অবধি আজকের ম্যাচে পাকিস্তানের বোলারদের মধ্যে সফলতম আফ্রিদিই। তিনি ১টি মেডেন-সহ ৭ ওভারে ১৯ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। তানজিদের পর সাজঘরে ফিরিয়েছেন নাজমুল হোসেন শান্ত (৩ বলে ৪) ও মাহমুদুল্লাহকে (৭০ বলে ৫৬)। বাংলাদেশের স্কোর ৪১ ওভারে ৭ উইকেটে ১৯১। মুশফিকুর রহিম ৫, অধিনায়ক শাকিব আল হাসান ৪৩, তৌহিদ হৃদয় ৭ রান করে আউট হয়েছেন। ওপেনার লিটন দাস করেন ৪৫।












Click it and Unblock the Notifications