ICC World Cup 2023: নাম নেই পাকিস্তানের, বিশ্বকাপের শেষ চারে কাদের দেখছেন সচিন?
প্রতীক্ষার পর্ব শেষ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপ। ভারত মাঠে নামবে আগামী রবিবার। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ক্রিকেট বিশ্লেষকরা তাঁদের মতামত জানাতে শুরু করে দিয়েছিলেন। কোন দল এগিয়ে? কারাই বা পিছিয়ে? কারা হতে পারে সম্ভাব্য সেমিফাইনালিস্ট? এই নিয়ে নানা মুণির নানা মত। বিশ্বকাপের বোধনের পরে এই বিষয়ে এল মাস্টারের বিরাট বার্তা।
অবশেষে বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের ভোট কিন্তু ২০১৯ সালে যারা সেমিফাইনালে উঠেছিল তাদের দিকেই । সচিনের ভবিষ্যদ্বাণী সঠিক হলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার একই চার দল পরপর দু'বার সেমিফাইনালে উঠবে।

যে চার দলকে সচিন তেন্ডুলকর বেছেছেন তারা হল ভারত , অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এই নিয়ে সচিন বলেন, 'আমার তালিকাতে প্রথমেই ভারত থাকবে, কোনও সন্দেহ নেই। আমি আগেই বলেছি, এবারের দলটায় খুব ভারসাম্য আছে। ভালো ফিল্ডিং দল, রানিং বিটুইন দ্য উইকেট ভালো, শক্তিশালী অলরাউন্ড দল এবারের টিম ইন্ডিয়া।'
মাস্টারের কাছে দ্বিতীয় দল হিসেবে ফেভারিট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, 'আমার মনে হয় অস্ট্রেলিয়া দলেও ভারসাম্য আছে। ওদের দলটারও যথেষ্ট প্রতিভা আছে। অভিজ্ঞতা এবং তারুণ্য দুই-ই আছে।"

বাকি দুটি নাম প্রসঙ্গে সচিন বলেন, 'তৃতীয় দল আমি বলব ইংল্যান্ড। আমার মনে হয় ইংল্যান্ড শক্তিশালী দল। ওদের স্কোয়াডেও অভিজ্ঞ খেলোয়াড় আছে যেমন, নতুন মুখও আছে। আমার চতুর্থ দল হবে নিউজিল্যান্ড।' তবে সচিনের তালিকাতে স্থান পায়নি পাকিস্তান দল।
চলতি বিশ্বকাপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সচিন তেন্ডুলকর। বৃহস্পতিবার ট্রফি নিয়ে সচিন প্রথম ম্যাচ শুরুর আগে মাঠে প্রবেশ করেছিলেন। সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।
আইসিসিকে দেওয়া সাক্ষাতকারে সচিন বলেন, 'সত্যি বলতে দারুণ অভিজ্ঞতা হয়েছিল মাঠে ট্রফি নিয়ে আসার। ২০১১ সালের বিশ্বকাপে এই মাঠে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনাল ম্যাচ খেলেছিলাম। অসাধারণ ছিল সেই রাত। সেই স্টেডিয়ামেই আবার ফিরে এলাম ১২ বছর পর।'
২০১১সাল থেকে একটা ট্রেন্ড চালু হয়েছে আয়োজক দেশই বিশ্বকাপ জিতছে। ২০১১ সালের আগে কোনও আয়োজক দেশই বিশ্বকাপ জেতেনি। সেই বছরের পর থেকে প্রতিবারই আয়োজক দেশ বিশ্বকাপ জিতেছে। ভারত ২০১১ সালের ঘটনারই পুনরাবৃত্তি ঘটাতে পারে।












Click it and Unblock the Notifications