ICC World Cup 2023: অধিনায়কদের অনুষ্ঠানে কি ঘুমিয়ে পড়েছিলেন? ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন বাভুমা
ICC World Cup 2023: বিশ্বকাপ শুরুর প্রাক্কালে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দশ দলের অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হলেন। অধিনায়কদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন রবি শাস্ত্রীও।
ক্যাপ্টেন্স ডে বা ক্যাপ্টেন্স মিটের সেই অনুষ্ঠানের একটি ছবি ভাইরাল হয়ে যায়। ট্রফির সঙ্গে ছবি তোলার পর যখন অধিনায়করা নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন তখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ঘুমিয়ে পড়েছিলেন কিনা তা নিয়ে তুঙ্গে চর্চা।

ইংল্যান্ডের বার্মি আর্মি একটি ছবি শেয়ার করে। ক্যাপশনে লেখা হয় বিশ্বকাপের অধিনায়কদের সাংবাদিক বৈঠকে ঘুমিয়ে পড়েছেন তেম্বা বাভুমা। এরপরই নেটাগরিকরা নানা কটাক্ষ করতে থাকেন। কেউ এমনটাও লেখেন, কেউ তো এসে ওঁকে তুলে নিয়ে যাও! রীতিমতো হাসি-ঠাট্টা চলতে থাকে বাভুমার এই ছবিটি নিয়ে।
Temba Bavuma has just fallen asleep in the World Cup captain's conference pic.twitter.com/GqQXZ3MenG
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) October 4, 2023
ভাইরাল ছবিটিতে দেখা গিয়েছে বাভুমার একদিকে বসে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। পাশের সোফায় বসা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন তাকিয়ে রয়েছেন বাভুমার দিকে। যদিও পরে এক্স হ্যান্ডলের মাধ্যমেই বাভুমা দাবি করেন, তিনি মোটেই ঘুমিয়ে পড়েননি। যেখান থেকে ছবিটি তোলা হয়েছে তাতে দেখে মনে হতে পারে তিনি ঘুমোচ্ছেন।

বাভুমা যে বার্মি আর্মির পোস্ট দেখেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন তা পরিষ্কার। বাভুমা লেখেন, আমি ক্যামেরা অ্যাঙ্গেলকেই দায়ী করছি। আমি ঘুমোচ্ছিলাম না। এই সাংবাদিক বৈঠকের পর নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে গিয়ে বিশ্বকাপের ট্রফির সঙ্গে ছবি তোলেন ১০ দলের অধিনায়কই।
ভারতে বিশ্বকাপ খেলতে আসার পরই জরুরি প্রয়োজনে দেশে ফিরে গিয়েছিলেন বাভুমা। ফলে প্রস্তুতি ম্যাচগুলিতে খেলতে পারেননি। তারই মধ্যে আজকের এই ছবি ঘিরে ভাইরাল প্রোটিয়া অধিনায়ক।












Click it and Unblock the Notifications