ICC World Cup 2023: বিশ্বকাপে সচিনের কীর্তি ভাঙার চ্যালেঞ্জ রোহিত ও বিরাটের, জেনে নিন বিস্তারিত
ICC World Cup 2023: বিশ্বকাপে ডাবল হ্যাটট্রিক সেরে সেমিফাইনালের টিকিট করায়ত্ত করে ফেলেছে রোহিত শর্মার ভারত। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা সপ্তম জয় ছিনিয়ে নিতে।
এই বিশ্বকাপেই তৈরি হচ্ছে একের পর এক নজির। ভারতের যে কয়েকটি ম্যাচ বাকি রয়েছে তাতে সচিন তেন্ডুলকরের কয়েকটি কীর্তি ভেঙে দিতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

লখনউয়ের একানা স্টেডিয়ামে ভারত ১০০ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। এই ম্যাচে ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৮৭ বলে ১০১ রান করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। ৫০ ওভারের বিশ্বকাপে এই নিয়ে সপ্তমবার রোহিত পেলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ২০১৫ সালের বিশ্বকাপ থেকে এই নিয়ে বিশ্বকাপে ২৩টি ম্যাচ খেলেছেন হিটম্যান।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ৯ বার (৪৫ ম্যাচে) ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সচিন তেন্ডুলকর। রোহিত রয়েছেন সচিনের পরেই। গতকাল তিনি পিছনে ফেলে দিয়েছেন গ্লেন ম্যাকগ্রাকে (৩৯ ম্যাচে ৬ বার)। এ ছাড়া পাঁচবার করে বিশ্বকাপে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন লান্স ক্লুজনার, গ্রাহাম গুচ, ভিভিয়ান রিচার্ডস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার ও সনৎ জয়সূর্য।

ভারত যদি ফাইনাল খেলে তাহলে আরও ৫টি ম্যাচ রয়েছে। সচিনকে টপকাতে হলে রোহিতের আরও তিনটি ম্যাচে সেরার পুরস্কার দখলে নিতে হবে, যা সহজ নয়। তবে সচিনকে ছুঁতে পারার কাজটা খুব একটা কঠিন নাও হতে পারে। কারণ, রোহিত দারুণ ছন্দে রয়েছেন। লিগ পর্বে ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
বিরাট কোহলি মুম্বইয়ে ছুঁতে চাইবেন সচিন তেন্ডুলকরের ৪৯তম শতরানের রেকর্ডটি। বিশ্বকাপে প্রথমবার শূন্য রানে আউট হয়ে হতাশা ব্যক্ত করেছিলেন। ফলে ফের বড় রান পেতে তিনি মুখিয়ে থাকবেন। এ ছাড়া দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নিরিখে সচিনের নজির গতকাল স্পর্শ করেছেন বিরাট কোহলি।
ভারতের জার্সিতে সচিন তেন্ডুলকর জিতেছেন ৩০৭টি ম্যাচ, সেই সংখ্যাটি ছুঁয়ে ফেলেন বিরাট, অনেক ম্যাচ কম খেলেই। এ ছাড়া বিশ্বকাপে সচিন ২৭টি ম্যাচে জিতেছেন, সেই সংখ্যাতেও মাস্টার ব্লাস্টারকে ধরে ফেলেছেন কিং কোহলি। এই দুটি ক্ষেত্রেও সচিনকে বিরাট টপকে যেতে পারেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই। ৫০ ওভারের বিশ্বকাপ সম্ভবত এবারই শেষ খেলছেন বিরাট ও রোহিত। ফলে তাঁরা সচিনের নজিরগুলি ভাঙতে পারেন কিনা তা নিয়ে আগ্রহ থাকছেই।












Click it and Unblock the Notifications