ICC World Cup 2023: বোধন হল বিশ্বকাপের, অধিনায়কদের মহাসমাবেশ থেকে বড় বার্তা রোহিতের
ঢাকে কাঠি পড়ে গেল আইসিসি একদিনের বিশ্বকাপের। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্বকাপ। কিন্তু তারআগে বুধবার বোধন হয়ে গেল বিশ্বকাপের। আহমেদাবাদে অনুষ্ঠিত হল ক্যাপ্টেন্স মিট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ দলের অধিনায়ক। প্রথমেই মঞ্চে প্রবেশ করে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। এরপর একে একে আসেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। একসঙ্গে মঞ্চে প্রবেশ করলেন বাবর আজম ও রোহিত শর্মা। শেষে এলেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের ক্যাপ্টেন।
শেষ তিনটি বিশ্বকাপেই আয়োজক দেশ কাপ জিতেছে। এটা কী মানসিকভাবে শক্তিশালী রাখছে ভারতকে? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'আমরা এটা মাথায় রাখছি না। শেষ তিনটি সংস্করনে হয়েছে বলে এবারও হবে।সব দলই শক্তিশালী। আমাদের কাছে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচে সেরাটা দিতে হবে। বড় টুর্নামেন্ট। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই।'

বিশ্বকাপে নেতৃত্ব প্রদান সম্পর্কে রোহিত শর্মা বলেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান এই দলের নেতৃত্ব প্রদান করতে পেরে। অবশ্যই ঘররে মাঠে খেলা একটু চাপের। কিন্তু আমরা প্রত্যেকেই এই চাপের সঙ্গে অভ্যস্ত। আপনি ঘরের মাঠে খেলুন বা বাইরে খেলুন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সময় চাপ থাকবেই। তবে আমরা প্রত্যেকেই ভালো প্রস্তুতি নিয়েছি। এবার আমাদের পরিকল্পনাগুলিকে কার্যকর করতে হবে।'
ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু ভারতীয় দল যে নির্দিষ্ট ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না, তা স্পষ্ট করে দিলেন রোহিত শর্মা।

অধিনায়কদের সমাবেশের মঞ্চ থেকে রোহিত বলেন, 'এটা একটা বড় টুর্নামেন্ট। ১১ ম্যাচ খেলতে হবে। সেখানে সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। তবে টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ হয়। কারণ টিম কম্বিনেশন গড়তে হয়। তাই আমাদের কাছে ফোকাসে এখন অস্ট্রেলিয়া ম্যাচ।'
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী এবং ইয়ন মর্গ্যান। মূলত তাঁরাই দল দলের অধিনায়কদের প্রশ্ন করেন। তবে সাংবাদিকরাও বেশ কিছু প্রশ্ন করার সুযোগ পান ১০ দলের অধিনায়কদের। তবে সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হল রোহিত এবং বাবর আজমকেই।
ভারত অধিনায়ককে একবার অস্বস্তির মুখে পড়তে হল। এক সাংবাদিক প্রশ্ন করেন গতবার বেশি চার মারার নিরিখে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করা হয়েছে। এই নিয়ে আপনার মত কী? এই প্রশ্নে কিছুটা বিরক্ত হন রোহিত এবং বলেন, 'এই প্রসঙ্গে আমি বলার কেউ না(হাসি)।'

ভারতে তাঁদের যেভাবে স্বাগত জানােনো হয়েছে তাতে অত্যন্ত খুশি পাক অধিনায়ক বাবর আজম। তাঁর কথায়, 'হায়দরাবাদে যে অভ্যর্থনা পেয়েছি তাতে আমরা অভিভূত। এতটা ভালোবাসা পাব আশা করিনি। মনেই হচ্ছে না আমার বিদেশে খেলতে এসেছি। মনে হচ্ছে নিজেদের দেশেই আছি।'
অধিনায়কদের সমাবেশে উঠল বিরিয়ানির প্রসঙ্গও। পাক অধিনায়ককে রবি শাস্ত্রী প্রশ্ন করেন বাবর বিরিয়ানি কেমন লাগল? বাবর বলেন, 'এখানে আসার আগে হায়দরাবাদের বিরিয়ানির অনেক নাম শুনেছি। এখানে এসে খেয়ে খুব ভালো লাগল।'
প্রত্যেক দেশের ক্রিকেটাররা আইপিএলে খেলায় ভারত পিচ, উইকেট সম্পর্কে ধারণা আছে। একমাত্র ব্যতিক্রম পাকিস্তান। এই বিষয়ে বাবর বলেন, 'উপমহাদেশের পিচ এবং পিচ চরিত্রগতভাবে সমান। ফলে এই বিষয়ে আমাদের খুব একটা অসুবিধা হবে না। আমরা দারুনভাবে মানিয়ে নিয়েছি। প্রত্যেকেই সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।'












Click it and Unblock the Notifications