ICC World Cup 2023: ওয়ার্নার-গেইলদের রেকর্ড ভাঙার হাতছানি, কোন কোন মাইলস্টোন অপেক্ষা করছে রোহিতের জন্য?
ICC World Cup 2023: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত আফগানিস্তান। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো কঠিন দলকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। অনিল কুম্বলে থেকে সচিন তেন্ডুলকরের মতো প্রাক্তনীদের রেকর্ড ভেঙেছেন কিং কোহলি। প্রতি ম্যাচে নামার আগেই একাধিক রেকর্ড সৃষ্টির মুখে দাঁড়িয়ে থাকেন কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধেও তাঁর ব্যতিক্রম নয়।
তবে শুধু বিরাট কোহলি নন, এই ম্যাচে একাধিক মাইলস্টোন গড়ার সুযোগ রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খাতার খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন হিটম্যান। রাজধানী শহরে তাঁর থেকে রয়েছে বড় রানের প্রত্যাশা। এই ম্যাচে ডেভিড ওয়ার্নার ক্রিস গেইলদের রেকর্ড ভাঙতে পারেন রোহিত। কী কী রেকর্ড ভাঙতে পারেন রোহিত?

আজকের ম্যাচে ২২ রান করতে পারলেই বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করবেন হিটম্যান। সেইসঙ্গে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করবেন ভারত অধিনায়ক।গত রবিবার চিপকে ভারতের একটি বিশেষ নজির গড়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটস্যান হিসেবে বিশ্বকাপের মঞ্চে দ্রুততম ১০০০ রান করেন। এই মাইলস্টোন গড়তে নিয়েছিলেন ১৯টি ইনিংস। এবার একই রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মাও।
শুধু ওয়ার্নার নন, একইসঙ্গে ক্রিস গেইলের সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও ভাঙতে পারেন রোহিত। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার নজির রয়েছে ক্যারিবিয়ান প্রাক্তনীর। গেইল ছক্কা মেরেছেন ৫৫৩টি। সেখানে রোহিত শর্মার নামের পাশে ৫৫১টি ছক্কা। আজকের ম্যাচে তিনটি বল গ্যালারিতে পাঠাতে পারলেই নতুন রেকর্ডের মালিক হবেন হিটম্যান। দিল্লির মাঠ এমনিতেই ছোট ফলে, রোহিত টিকে গেলে দুটি রেকর্ডই ভাঙতে খুব একটা সমস্যা হবে না।

কিন্তু দলের উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে আঘাত পান ভারত অধিনায়ক। ঐচ্ছিক অনুশীলনে গিয়েই বিপাকে পড়েন অধিনায়ক রোহিত। নেটে ব্যাট করার সময় উরুতে আঘাত পান ভারত অধিনায়ক। রোহিতকে বল করছিলেন একজন নেট বোলার। উরুতে চোট পাওয়ার পর রোহিতের মুখচোখ দেখেই মনে হচ্ছিল তিনি বেশ অস্বস্তি বোধ করছেন।
যদিও চোট পাওয়ার পরও ভারত অধিনায়ক কয়েক মিনিট নেটে ব্যাট করেন। তাঁর আঘাত তেমন গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। ফলে আজকের ম্যাচে তাঁর খেলা নিয়ে কোনওরকম অনিশ্চয়তা নেই।












Click it and Unblock the Notifications