ICC CWC 2023: বিশ্বকাপে শতরানের বিশ্বরেকর্ড রোহিতের, টপকে গেলেন সচিনকে, পন্টিংকে পিছনে ফেলেও নয়া নজির
ICC CWC 2023: রোহিত শর্মা কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপেই গড়লেন নয়া বিশ্বরেকর্ড। ১৯৯২ থেকে ২০১১ অবধি সচিন ৬টি বিশ্বকাপ খেলেছিলেন। বিশ্বকাপে তাঁর শতরানের সংখ্যা ৬।
সচিনের থেকে অর্ধেকেরও কম ইনিংস খেলে রোহিত শর্মা আজ বিশ্বকাপে হাঁকালেন সপ্তম শতরানটি। বিশ্বকাপের ১৯তম ম্যাচ ও ১৯তম ইনিংসে। সচিনের বিশ্বকাপে ৪৪টি ইনিংস রয়েছে।

রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে আজ কেরিয়ারের ২৫৩তম ম্যাচ ও ২৪৫তম ইনিংসে ব্যাট করছেন। এদিন তিনি পেলেন ওডিআই কেরিয়ারের ৩১তম শতরান। যার ফলে একদিনের আন্তর্জাতিকে বিশ্বে সবচেয়ে বেশি শতরানকারীদের তালিকায় প্রথম তিনটি স্থানই চলে এলো ভারতীয়দের দখলে।
রোহিত শর্মা এদিন পিছনে ফেলে দিলেন রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার অধিনায়কের ওডিআই শতরানের সংখ্যা ৩০। প্রথম পাঁচে রয়েছেন সনৎ জয়সূর্য, শ্রীলঙ্কার প্রাক্তন তারকার রয়েছে ২৮টি ওডিআই শতরান। ৪৫২টি ইনিংসে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ৪৯। বিরাট কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে, ৪৭টি ওডিআই শতরান রয়েছে।

চলতি বছর একদিনের আন্তর্জাতিকে রোহিত শর্মার এটি দ্বিতীয় শতরান। গত জানুয়ারির ২৪ তারিখ ইন্দোরে রোহিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১১৩ বলে ১০১ রান। তারপর চারবার পঞ্চাশ পেরিয়েও শতরানে পৌঁছতে পারেননি। বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে শূন্য রানে আউট হন। ছন্দে ফিরলেন পাকিস্তান ম্যাচের আগেই।
বিশ্বকাপে রোহিত সপ্তম শতরান পেলেন। সচিন তেন্ডুলকর ৬টি, কুমার সঙ্গকারা ও রিকি পন্টিং পাঁচটি করে সেঞ্চুরি পেয়েছেন বিশ্বকাপে। বিশ্বকাপে চারটি করে শতরান রয়েছে ডেভিড ওয়ার্নার, সৌরভ গঙ্গোপাধ্যায়, এবি ডি ভিলিয়ার্স, মার্ক ওয়া, তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়বর্ধনের। শিখর ধাওয়ানের রয়েছে তিনটি ওয়ার্ল্ড কাপ হান্ড্রেড।
রোহিতের ওডিআইয়ে সবচেয়ে বেশি ৮টি শতরান আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬টি, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিরুদ্ধে তিনটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের দুটি করে শতরান আছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরান। আফগানিস্তানের বিরুদ্ধে পেলেন প্রথম ওডিআই শতরান।
রোহিত এদিন আউট হলেন ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে। ১৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে হিটম্যান ৮৪ বলে ১৩১ রান করে রশিদ খানের বলে বোল্ড হন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ঈশান কিষাণ করেছেন ৪৭ বলে ৪৭। তাঁকেও ফেরান রশিদ। ভারতের স্কোর ২৫.৪ ওভারে ২ উইকেটে ২০৫।
রোহিত আজ শতরান পূর্ণ করেন ৬৩ বলে। বিশ্বকাপে যা ভারতীয়দের মধ্যে দ্রুততম। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ে ম্যাচে কপিল দেব ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন। সেই নজির ভাঙলেন রোহিত। বিশ্বকাপে দ্রুততম শতরানকারীদের তালিকায় আপাতত রোহিত রইলেন এইডেন মার্করাম (৪৯ বল), কেভিন ও'ব্রায়েন (৫০ বল), গ্লেন ম্যাক্সওয়েল (৫১ বল), এবি ডি ভিলিয়ার্স (৫২ বল) ও ইয়ন মর্গ্যান (৫৭ বল)-এর পরেই।
কুশল মেন্ডিস গতকাল ৬৫ বলে শতরান করেন, রোহিত তাঁকে পিছনে ফেলে চলতি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়েছেন। একইসঙ্গে তিনি বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রান করার নিরিখে (১৯ ইনিংসে) ডেভিড ওয়ার্নারের কীর্তি স্পর্শ করেন। সচিনের এই নজির গড়তে লেগেছিল ২০টি ইনিংস।












Click it and Unblock the Notifications