ICC World Cup 2023: ব্যাটসম্যান থেকে অধিনায়ক, রোহিতের রেকর্ড রাজ, স্পর্শ করলেন দাদার কীর্তিও
রেকর্ডের আরও এক নাম এখন রোহিত শর্মা। ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়ছেন হিটম্যান। শনিবারের ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ব্যাট হাতে নেমেই নতুন মাইলস্টোন গড়লেন হিটম্যান, আবার অধিনায়ক হিসেবে প্রাক্তনীদের রেকর্ড ভাঙলেন। এক কথায় শনিবারের মোতেরা জুড়ে ছিল রোহিত রাজ। ব্যাটসম্যান হোক বা অধিনায়ক উভয় ক্ষেত্রেই রোহিতের রেকর্ড বুকে যুক্ত হল নতুন কিছু পরিসংখ্যান।
প্রথমেই আসা যাক অধিনায়ক রোহিতের কথায়। বিরাট কোহলি, ধোনির রেকর্ড যেমন ভাঙলেন তেমনই ছঁয়ে ফেললেন দাদার কীর্তিকেও। বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমে ভারত অধিনায়কদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটা ছিল বিরাট কোহলির নামের পাশেই।

২০১৯ সালে মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে করেন ৭৭ রানের একটি ইনিংস। কিন্তু শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৮৬ রান করে কোহলিকে টপকে গেলেন রোহিত।বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অধিনায়কদের মধ্যে ব্যক্তিগত রানের নিরিখে শীর্ষে হিটম্যান।
একদিনের বিশ্বকাপে ভারত অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় ধোনি ছিলেন ৩ নম্বরে। দুটি বিশ্বকাপে (২০১১, ২০১৫) ভারতকে নেতৃত্ব দিয়ে মোট নয়টি ছক্কা মেরেছিলেন ধোনি। কিন্তু একটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে নেমে মাত্র তিনটি ম্যাচ খেলেই ক্যাপ্টেন কুলের রেকর্ড ভেঙে দিলেন রোহিত। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন কপিল দেবকে। উভয়ের ছক্কার সংখ্যা ১১।
ভারত অধিনায়ক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মারার কৃতিত্বের শীর্ষে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৩ সালে একটি বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে মোট ১৫টি ছক্কা মেরে ছিলেন দাদা। রোহিত যে গতিতে এগোচ্ছেন তাতে মহারাজের আসনে বসা কয়েকটা দিনের অপেক্ষা।

ছক্কার কীর্তি আরও আছে রোহিতের। বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনটি বলকে গ্যালারিতে পাঠানোর সঙ্গে সঙ্গেই ওডিআই ক্রিকেটে ৩০০টি ছক্কা মারার নজির গড়েন রোহিত। এই তালিকায় ১ নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি। তাঁর ছক্কার সংখ্যা ৩৫১টি। দুই নম্বরে রয়েছেন ক্রিস গেইল। তাঁর ছক্কার সংখ্যা ৩৩১টি।
বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানকারী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন রোহিত। কেরিয়ারের তৃতীয় একদিনের বিশ্বকাপ খেলতে নেমে এই রেকর্ড গড়েন হিটম্যান। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৬ বার একদিনের বিশ্বকাপে খেলেছিলেন। তাতে তিনি করেন ছ'টি সেঞ্চুরি, এদিকে রোহিত ৩ নম্বর বিশ্বকাপের তৃতীয় ম্যাচ পর্যন্ত সপ্তম শতরান করেছেন রোহিত।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে জয় পেয়েছিল সৌরভের টিম ইন্ডিয়া। এবার দাদার সেই কীর্তিতেও ভাগ বসালেন রোহিত। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের নিরিখে কোহলিকে টপকে গেলেন রোহিত। সচিনের পরেই এখন হিটম্যান।












Click it and Unblock the Notifications