ICC CWC 2023: রোহিত বোলার হিসেবে কেন এগিয়ে বিরাটের চেয়ে? সেমিফাইনাল নিয়ে কোন পরিকল্পনা ভারতের?
ICC CWC 2023: রোহিত শর্মা ৭ বছর পর একদিনের আন্তর্জাতিকে বল করলেন। তুলে নিলেন নেদারল্যান্ডের শেষ উইকেটটি। ওডিআইয়ে রোহিতের নবম শিকারই নিশ্চিত করল ভারতের নয়ে নয়!
লিগ পর্বের টানা ৯টি ম্যাচে জিতে ভারত বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতই একমাত্র দল যাদের লিগ পর্বের ৯টি ম্যাচ খেলতে হলো আলাদা স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই যা তৃপ্তিদায়ক।

রোহিত শর্মা শেষবার ওডিআই উইকেট পেয়েছিলেন ১১ বছর আগে। মেলবোর্নে মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ ওভারে ১৭ রান দিয়ে রোহিত পেয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের উইকেট। ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ ওভারে ২৭ ও ২০১১ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত ৭ ওভারে ৩০ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটিতে ভারত দুটি উইকেটই ফেলতে পেরেছিল, দুটিই নেন রোহিত। আউট করেছিলেন ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ানকে। প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিতের শিকার ছিলেন এবি ডিভিলিয়ার্স ও জেপি ডুমিনি। ২০১০ সালে এশিয়া কাপে রোহিত ডাম্বুলায় বাংলাদেশের বিরুদ্ধে ১ ওভারে ৫ রান দিয়ে আউট করেছিলেন নঈম ইসলামকে।
২০১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গের ওডিআইয়ে রোহিত ২ ওভার বল করেন ১২ রান খরচ করে নেন জেপি ডুমিনির উইকেট। ফলে ডুমিনিকে রোহিত দুবার ওডিআইয়ে আউট করেছেন। ২০১২ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ৩ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচ করে তুলে নেন ম্য়াথু ওয়েডের উইকেট।
আজ ওডিআইয়ে রোহিতের নবম শিকার তেজা নিদামানুরু (৩৯ বলে ৫৪)। রোহিতের টেস্টে ২টি ও টি ২০ আন্তর্জাতিকে ১টি উইকেট আছে। ২০১৪ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিত প্রথম ইনিংসে ৯ ওভারে ২৬ রান দিয়ে পান গ্যারি ব্যালান্সের উইকেট। ওই বছরই অ্যাডিলেড টেস্টে রোহিত দ্বিতীয় ইনিংসে ১টি মেডেন-সহ ১২ ওভারে ৩৫ রান দিয়ে আউট করেন মিচেল মার্শকে।
২০০৯ সালে টি ২০ আন্তর্জাতিকে নাগপুরে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে বোল্ড করে দিয়েছিলেন রোহিত। আজ ম্যাচের পর তিনি বলেন, আজ আমরা ৯ জন বোলার ব্যবহার করেছি। পাঁচ বোলারের পাশাপাশি কারা বল হাতে কার্যকরী হতে পারেন সেটা দেখে নেওয়া লক্ষ্য ছিল। ভারতীয় ড্রেসিংরুমে বোলারের অভাব নেই বলে উল্লেখ করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়।
বিশ্বকাপের শুরু থেকে ম্যাচ-বাই-ম্য়াচ ধরে চলার প্রক্রিয়াতেই ভারত যে সেমিফাইনালে আস্থা রাখবে তা উল্লেখ করেছেন দ্রাবিড় ও রোহিত। এবার নক-আউটের লড়াই। সেই বিষয়টি মাথায় রাখলেও বুধবার কিউয়িদের বিরুদ্ধে ম্যাচটিকে আলাদা একটি ম্যাচ হিসেবেই দেখছে বিশ্বের ১ নম্বর দল। টানা জয় ড্রেসিংরুমের পরিবেশ হাল্কা রাখতে সহায়ক হচ্ছে, সে কারণে সকলেই মাঠে নিজেদের খোলা মনে মেলে ধরতে পারছেন বলে উল্লেখ করেন হিটম্যান।












Click it and Unblock the Notifications