ICC World Cup 2023:বিশ্বকাপের সর্বাধিক শতরানের তালিকায় ৩ ভারতীয়, শীর্ষে রয়েছেন কে?
আগামী ৫ অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের ১৩তম সংস্করণ। ১৯৭৫ থেকে ২০১৯, বিশ্বকাপের মঞ্চে তৈরি হয়েছে একাধিক রেকর্ড ও মাইলফলক। বিশ্বকাপে সর্বাধিক শতরান কার দখলে? ভারতীয়দের মোট শতরানের সংখ্যাই বা কত? বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ শতরানের নিরিখে শীর্ষস্থানে রয়েছেন দুই ভারতীয় রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকর। দুই ভারতীয় ব্যাটসম্যানের ঝলিতে রয়েছে ছয়টি শতরান। আসন্ন বিশ্বকাপে একটি সেঞ্চুরি করলেই সচিনকে টপকে শীর্ষে উঠার হাতছানি রয়েছে হিটম্যানের সামনে।

রোহিত শর্মা দুটি বিশ্বকাপে ১৭টি ম্যাচ খেলেই করেছেন ছয়টি শতরান। অন্যদিকে ৫টি বিশ্বকাপে অংশ নিয়ে সচিন খেলেছেন ৪৫টি ম্যাচ। তাঁর শতরানের সংখ্যাও ছয়।তিন নম্বরে রয়েছেন কুমার সাঙ্গাকারা। ৪টি বিশ্বকাপে ৩৭ ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কান প্রাক্তনী। সমসংখ্যক শতরান করে চার নম্বরে আছেন রিকি পন্টিং।
ডেভিড ওয়ার্নার এখনও পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি করে আছেন তালিকার পাঁচ নম্বরে। ছয় নম্বরে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনটি বিশ্বকাপে ২১ ম্যাচ খেলে দাদার নামের পাশে চারটি শতরান। সমসংখ্যাক শতরান আছেন এবি ডিভিলিয়ার্স,মার্ক ওয়া, দিলসানের।

ভারতীয়দের মধ্যে ওডিআই বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কপিল দেব। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে টুনব্রিজ ওয়েলসে ১৯৮৩ সালের ১৮ জুন ১৩৮ বলে ১৭৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।কিংবদন্তি সচিন তেন্ডুলকর ১৯৯৬ সালের ১৮ ফেব্রুয়ারি কটকে কেনিয়ার বিরুদ্ধে ১৭৫ রানে ১২৭ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। সেটিই ছিল মাস্টারের বিশ্বকাপে প্রথম শতরান।
২০১৯ সালের বিশ্বকাপে সর্বাধিক রান করেছিলেন রোহিত শর্মা। সেবার তিনি গোটা টু্র্নামেন্টে ৫টি শতরান করেছিলেন। সেবার ৯টি ম্যাচ খেলে তিনি করেছিলেন ৬৪৮ রান। ওই বিশ্বকাপে ভারত সেমিফাইনালে পৌঁছলেও, নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। ২০১৯ সালে হিটম্যান সেঞ্চুরি করেছিলেেন দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে।

২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির কোনও আসর। আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারত তাদের যাত্রা শুরু করবে ৮ অক্টোবর। অর্থাৎ বিশ্বকাপ শুরুর তিন দিন বাদে। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাবেই শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে চলেছে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications