ICC CWC 2023: রোহিত খুশি ফিল্ডিং নিয়ে, প্রশংসা করলেন বিরাট-জাদেজার, হার্দিককে নিয়ে দিলেন স্বস্তির খবর
ICC CWC 2023: বিশ্বকাপে টানা চারটি ম্যাচ জিতে ধরমশালায় পা রাখবে রোহিত শর্মার ভারত। আজ পুনেতে বাংলাদেশকে মেন ইন ব্লু চূর্ণ করেছে ৭ উইকেটে। ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি।
রবীন্দ্র জাদেজা দুরন্ত বোলিং ও ফিল্ডিংয়ে আজকের ম্যাচের সেরা হওয়ার দৌড়ে ছিলেন। যদিও সব কিছুই ঢাকা পড়ে দিয়েছেন কিং কোহলির শতরানে। দিনের শেষে হার্দিক পাণ্ডিয়াকে নিয়েও স্বস্তির কথা শোনালেন রোহিত শর্মা।

ভারত অধিনায়ক বলেন, ভালো জয় পেলাম। আমরা এমনটাই চাইছিলাম। আজ শুরুটা ভালো হয়নি। তবে মাঝের ওভারগুলিতে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। শেষটাও ভালোই হয়েছে। এর আগে তিনটি ম্যাচেও আমাদের ফিল্ডিং অসাধারণ ছিল। সেই ধারা আজও বজায় থেকেছে। এটা আমাদের হাতে রয়েছে। সকলেই নিজেদের সেরাটা মেলে ধরার চেষ্টা করেছেন।
বোলাররা কোন লাইন-লেংথে বল করতে হবে তা আঁচ করে যেভাবে বোলিং করেছেন তাতেও খুশি রোহিত। তিনি বলেন, জাদেজাও ভালো বল করেছেন। ব্রিলিয়ান্ট ক্য়াচ ধরেছেন। কিন্তু শতরান শতরানই, তাকে ম্লান করা যায় না। দলের মধ্যে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এরও ইতিবাচক প্রভাব দলের ফিল্ডিংয়ে পড়ছে বলে জানান রোহিত।

একইসঙ্গে একটি বড় ঘোষণাও করেছেন রোহিত। তিনি বলেন, যাঁরা সেরা ফিল্ডারের মেডেল সবচেয়ে বেশিবার জিতবেন তাঁদের জন্য স্পেশ্যাল কিছু অপেক্ষা করে রয়েছে। হার্দিক পাণ্ডিয়ার চোট নিয়ে রোহিত বলেন, যন্ত্রণা রয়েছে। তবে বড় ক্ষতি কিছু হয়নি। এ ধরনের চোটের ক্ষেত্রে প্রতিদিনই নজর রাখতে হয়। যা করণীয় আমরা করব।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচে হার্দিকের খেলার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা বল করতে গিয়ে অনেক রান খরচ করে ফেলছেন। ফলে মহম্মদ শামিকে খেলানোর দাবি উঠছে। রোহিতকে এ প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি বলেন, প্রতিটি ম্যাচই বড় ম্যাচ আমাদের কাছে।
মাঠে যে সংখ্যক দর্শক আসছেন তাতে খুশি রোহিত। তাঁর কথায়, এটা আমাদের কাছে স্পেশ্যাল। দর্শকরা আমাদের হতাশ করেননি। আমার আশা, সামনের ম্যাচগুলিতে আরও বেশি সংখ্যায় দর্শকরা মাঠে হাজির থাকবেন। এদিকে, চলতি বিশ্বকাপে ভারতের মতো সব ম্যাচে জেতা নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারও মানছেন, ভারতকে দেশের মাটিতে হারানো খুবই কঠিন কাজ। ফলে রবিবার ভারত পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications