ICC World Cup 2023: বিশ্বকাপের দলে পরিবর্তনের আভাস রোহিতের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২টি ম্যাচে নেই অক্ষর
ICC World Cup 2023: ভারতের বিশ্বকাপের দলে পরিবর্তনের আভাস দিলেন রোহিত শর্মা। বিশেষ করে অক্ষর প্যাটেলের চোট নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই থেকেও ছিটকে গেলেন অক্ষর।
এই পরিস্থিতিতে রোহিত শর্মা এশিয়া কাপ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরের জন্য দরজা এখনও খোলা।

ভারতের বিশ্বকাপের দলে রাখা হয়েছে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে। অক্ষর প্যাটেল বাংলাদেশ ম্যাচে চোট পান। ফাইনালে খেলতে পারেননি। তড়িঘড়ি কলম্বোয় ডেকে নেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে। আজ তিনি দলে থাকলেও ব্যাটিং বা বোলিং করতে হয়নি। শ্রীলঙ্কা যাওয়ার আগে এশিয়ান গেমসের দলের শিবিরে ছিলেন সুন্দর।
রোহিত বলেন, স্পিন বোলিং অলরাউন্ডারদের ক্ষেত্রে এখনও সকলের জন্যই দরজা খোলা। অশ্বিনের জন্যও। তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে। ঠিক একই কথা প্রযোজ্য ওয়াশি (ওয়াশিংটন সুন্দর)-র জন্যও। যাঁরা ব্যাট ও বল হাতে দলকে ভরসা দিতে পারবেন তেমন ক্রিকেটারদেরই আমরা চাইছি।
My kinda day 🤩🤩.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) September 15, 2023
The capacity to learn is a gift.
The ability to learn is a skill. However, the willingness to learn is a CHOICE. #cricketlife
Thank you for the help @SairajBahutule @VVSLaxman281 pic.twitter.com/4nK7V5IthS
গত বছরের জানুয়ারিতে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার দেশের হয়ে ওডিআই খেলতে দেখা গিয়েছিল অশ্বিনকে। তবে সম্প্রতি তিনি জানিয়েছিলেন, তিনি প্রস্তুত। যে কোনও সময় ডাক এলেই মাঠে নেমে পড়তে পারবেন। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ভিভিএস লক্ষ্মণ ও সাইরাজ বাহুতুলের তত্ত্বাবধানে তিনি প্র্যাকটিসও চালিয়ে যাচ্ছেন।

রোহিত আজ বলেন, অক্ষরের চোট যে গুরুতর তা বোঝা যায় অনেক রাতে। এরপর আমরা বিভিন্ন জনকে ফোন করে জানতে থাকি কে কোথায় রয়েছেন। ওয়াশি এশিয়ান গেমসের শিবিরে থাকায় দ্রুত তিনি দলের সঙ্গে যোগ দেন। বেঙ্গালুরুতে তিনি বোলিং করছিলেন, ট্রেনিংয়ে ছিলেন ক্রিকেট-ফিট হিসেবেই। এটা আমাদের সৌভাগ্য।
বিশ্বকাপের দলে চূড়ান্ত রদবদল করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। রোহিত বলেন, বিশ্বকাপের দলের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে টিম ম্যানেজমেন্ট। সকলেই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। দলে সুযোগ পেলে কাকে কী ভূমিকা পালন করতে হবে সেটাও সকলকে বোঝানো হয়েছে বলে জানান রোহিত।












Click it and Unblock the Notifications