ICC World Cup 2023: অজিদের বিরুদ্ধে জাদেজার ১০০, চিপকে সাফল্যের রহস্য ফাঁস জাড্ডুর
সৌরাষ্ট্রের ক্রিকেটার হলেও মহেন্দ্র সিং ধোনির মতোই চেন্নাই রবীন্দ্র জাদেজারও দ্বিতীয় হোম গ্রাউন্ড। সিএসকেতে দীর্ঘদিন খেলার সুবাদে চিপকের উইকেটের চরিত্র হাতের তালুর মতোই চেনা জাড্ডুর কাছে। সেই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে বল হাতে স্পিনের জাদু দেখালেন স্যার জাদেজা।
চিপকের পিচে ভারত যে স্পিন ত্রয়ীকে এগিয়ে দেবে, তা প্রত্যাশিতই ছিল। ভারতীয় দলের স্পিনারদের অজি ব্যাটিয়ের শিল্পকলা সমাপ্ত। গোটা ইনিংস জুড়েই অজিদের স্পিনের জালে জড়িয়ে রাখলেন অশ্বিন-জাদেজা-কুলদীপরা। প্রথম ম্যাচেই দাপট দেখাল ভারতের বোলিং বিভাগ। কারণ অজিদের ইনিংস যে নির্ধারিত ৫০ ওভারের আগেই মাত্র ১৯৯ রানে শেষ হয়ে যায়।

জাদেজা ২৮ রানে ৩ ও কুলদীপ ৪২ রানে ২ উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ নিলেন ৩৪ রানে ২ উইকেট। অশ্বিনের ঝুলিতে এল ৩৪ রানে ১ উইকেট।ভারতের স্পিনের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। চিপকের স্লো পিচে অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। পুরো ৫০ ওভারও খেলতে পারল না অস্ট্রেলিয়া। ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে গেল অজিরা।
বাইশ গজে স্পিন ম্যাজিক দেখাতে শুরু করে দেন জাদেজা। হাতে বল নিয়ে ফিরিয়ে দেন ফর্মে থাকা স্টিভ স্মিথকে (৪৬)। তাঁর স্পিনের জালে ফিরে যান মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি। এই ম্যাচে তিন উইকেট নিয়ে হরভজন সিংয়ের রেকর্ড ভাঙার পথে আরও একধাপ এগিয়ে গেলেন জাড্ডু।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেট সংগ্রহের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং ভারতীয়দের মধ্যে প্রথম স্থানে আছেন ভাজ্জি। হরভজন সিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭ ম্যাচে ১০৫ উইকেট নিয়েছেন। সেখানে আজকের পর ৪০ ম্যাচে জাদেজার উইকেট সংখ্যা ১০২। অর্থ্যাত আর চারটি উইকেট অজিদের বিরুদ্ধে পেলেই ভারতীয়দের মধ্যে নতুন রেকর্ড গড়বেন জাদেজা। অজিদের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নিয়েছেন স্টুয়ার্ড ব্রড ১২৮টি।

চেন্নাইয়ের উইকেট এবং পরিবেশ যে তাঁকে বাড়তি সাহায্য করেছে তা ম্যাচ শেষে জানালেন জাদেজা। সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে জাড্ডু বলেন, ' এই মাঠ এবং এই উইকেট আমার চেনা। ম্যাচের আগে উইকেটের চরিত্র দেখেই বুঝতে পারি বোলিং ঠিক মতো করতে পারলেন ২,৩ উইকেট পাবো। পরিকল্পনা অনুসারে বোলিং করার চেষ্টা করেছি।'
পাশাপাশি জাদেজা উল্লেখ করেন, 'শুধু স্পিন নয়, একইসঙ্গে কিছুটা পেসও মিশিয়েছিলাম বোলিংয়ে, তার জেরেই সাফল্য আসে। গুরুত্বপূর্ণ সময়ে দলের প্রয়োজনে উইকেট পাওয়ায় আমি খুশি।' একইসঙ্গে চেন্নাইয়ের দর্শকদের প্রশংসা করে জাদেজা বলেন, 'এখানে সব সময় দর্শকদের থেকে বাড়তি একটা সমর্থন পাওয়া যায়। সব সময় ভরা গ্যালারি থাকে। এটা আমাদের কাছে বাড়তি পাওনা।'












Click it and Unblock the Notifications