ICC World Cup 2023: চমক দিয়েই সহকর্মীদের নিয়ে ইডেনে হাজির দ্রাবিড়, রোহিত- ডি ককদের জন্য অপেক্ষা করছে কেমন পিচ?
ক্রিকেট জ্বরে কাবু কলকাতা। রবিবাসরীয় ইডেনে মেগা ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা। শুক্রবারই কলকাতায় চলে এল ভারতীয় দল। সন্ধ্যার পরই দমদম বিমানবন্দরে নামেন ভারতীয় দলের সদস্যরা। ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে চলে গেলেও কোচ দ্রাবিড় তাঁর সাপোর্ট স্টাফদের নিয়ে সরাসরি চলে এলেন ইডেন গার্ডেন্সে।
ম্যাচের পরের দিন যাত্রার ধকলের পর সাধারণত হোটেল বন্দি থাকেন ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা। কিন্তু কলকাতায় ব্যতিক্রমী রুটিন দ্য ওয়ালের। টানা সাত ম্যাচ জিতে ইতিমধ্যেই বিশ্বকাপের শেষচারের টিকিট নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। কিন্তু দলের মধ্যে যেমন আত্মতুষ্টিকে জায়গা দিতে নারাজ হেডস্যার, তেমনই নিয়মরক্ষার ম্যাচ হলেও নিজের হোমওয়ার্কেও কোনও খামতি রাখছেন না দ্রাবিড়। ক্রিকেটার জীবনের মতোই কোচিং জীবনেও তিনি নিখুঁত থাকতে চান।

শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে সোজা চলে এলেন ইডেনে। সঙ্গী বিক্রম রাঠোর, টি দিলীপ, পরশ মামব্রের মতো সহকারীরা। ইডেনে পা দিয়েই সোজা চলে গেলেন মাঠে। সেখানে গিয়েই কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরেন। এরপর বেশ কিছুক্ষণ খতিয়ে দেখেন উইকেটের চরিত্র। তাঁর সহকারীরাও দেখেন পিচ।
ইডেনে শিশির বরাবরই একটা ফ্যাক্টর হয়, রবিবারের ম্যাচেও তাঁর ব্যাতিক্রম হবে না, একথা বিলঙ্খন জানেন দ্রাবিড়। তাই শিশির পরছে কিনা সেটাও দেখেন টিম ইন্ডিয়ার হেডস্যার। প্রায় মিনিট দশেক ইডেনে কাটিয়ে হোটেলের পথ ধরেন দ্রাবিড় এবং তাঁর সহকর্মীরা।
সুজন মুখোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকেই ইডেনে স্পোর্টিং উইকেটই দেখতে পাওয়া যায়। রবিবারের ম্যাচে কেমন হবে উইকেটের চরিত্র? এই প্রসঙ্গে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ওয়ান ইন্ডিয়াকে বলেন, 'উইকেট খুবই ভালো হবে। যেমন ইডেনে উইকেট হয় তেমনই হবে, আমি আশাবাদী ভালো উইকেটই হবে।শেষ দুটো ম্যাচ দলগুলি ভালো খেলতে পারেনি। তাই বড় রান উঠেনি। আমার মনে হয় ৩০০ রানের বেশি এখানে স্কোর হওয়া উচিত।'
শিশির প্রসঙ্গে সুজন মুখোপাধ্যায় বলেন, 'শেষ দুটো ম্যাচে শিশির কোনও ফ্যাক্টর করেনি। আগামী ম্যাচে হবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে আমরা প্রস্তুতি নিয়েই রাখছি।'
অন্যদিকে বিমানবন্দর থেকে বাসে চেপে বাইপাসের ধারে একটি হোটেলের দিকে রওনা দেয় ভারতীয় দল। বাসে ওঠার সময় সূর্যকুমার যাদব, রোহিত শর্মাকে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। ভারতীয় দলের সব ক্রিকেটারেরাও মোটামুটি ফুরফুরে মেজাজে ছিলেন। শুক্রবার দলের কোনও অনুশীলন নেই। ম্যাচের আগের দিন অনুশীলন করবে ভারতীয় দল।
শুক্রবার বিকেল ৫.৩০টা নাগাদ ভারতীয় দলের বিমান কলকাতার মাটিতে নামে। কিছু সময়ের মধ্যেই ভারতীয় ক্রিকেটারেরা একে একে বেরিয়ে আসতে থাকেন। ক্রিকেটারদের জন্যে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন প্রচুর সমর্থক।












Click it and Unblock the Notifications