Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বাবা-মায়ের ইচ্ছায় নামে সচিন-দ্রাবিড়, খেললেন লারার মতো! বিশ্বকাপ অভিষেকে বাজিমাত রাচিনের

ICC World Cup 2023: বিশ্বকাপের অভিষেকেই ম্যাচের সেরার পুরস্কারটি নিজের দখলে নিয়েছেন রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে শতরান, কিউয়িদের মধ্যে বিশ্বকাপে দ্রুততম শতরানের নজির গড়েছেন।

ডেভন কনওয়ের সঙ্গে তাঁর অবিচ্ছেদ্য রেকর্ড পার্টনারশিপে ভর করে ইংল্যান্ডকে আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুরমুশ করেছে নিউজিল্যান্ড। রাচিনের বাবা-মা দুজনেই ভারতীয়। পিতৃভূমিতে পুত্রের সাফল্যে নিশ্চিতভাবেই তাঁরাও গর্বিত।

ICC World Cup 2023: বাবা-মায়ের ইচ্ছায় নামে সচিন-দ্রাবিড়, খেললেন লারার মতো!

রাচিন রবীন্দ্রর জন্ম নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি বড় হয়েছেন বেঙ্গালুরুতে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইংল্যান্ডে কিছু সময় কাটিয়ে নব্বইয়ের দশক থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ওয়েলিংটনে। রাচিনের মা দীপা কৃষ্ণমূর্তি। তাঁদের পারিবারিক বন্ধু জাভাগল শ্রীনাথ এদিন ছিলেন ম্যাচ রেফারি।

জানা গিয়েছে, বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতেন রাচিনের বাবা রবি। চেয়েছিলেন তাঁর মেয়ে ক্রিকেটার হোক। সেটা হয়নি। তবে রাচিনের বয়স যখন বছর তিনেক, তখন থেকেই লক্ষ্য করেন ক্রিকেটের প্রতি ছেলের টান। রাচিনের বাবা হাট হকস ক্লাব প্রতিষ্ঠা করেন। রাচিনের কথায়, বাবা টিভিতে ক্রিকেট খেলা দেখা মিস করতেন না।

রাচিনের যখন ২-৩ বছর বয়স তখনই তাঁর হাতে ব্যাট দিয়ে টেনিস বলে অনুশীলন করাতেন রাচিনের বাবা। ক্রিকেটে উৎসাহিত করতে থাকেন নানাভাবে। এমনকী ওয়েলিংটন থেকে মাঝেমধ্যেই ছেলেকে নিয়ে অনন্তপুর স্পোর্টস ফাউন্ডেশনে আসতেন। হাট হকসের হয়ে ক্রিকেটের পাঠ নিতেন রাচিন। বাঁ হাতে ব্যাট করেন, স্পিন বোলিংও করেন বাঁ হাতেই।

ঘণ্টার পর ঘণ্টা ধরে ব্যাটিং করার পরও কোচ সাহাবুদ্দিন রাচিনকে ক্লান্ত হতে দেখেননি। রাচিনের বাবাও জানিয়েছেন, অনন্তপুর জিমি নিশাম-সহ নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারের কাছেই সেকেন্ড হোম। ২০১০ সাল অবধি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ভারতে আসতেন। ২০১১ থেকে হাট হকস ক্রিকেট ক্লাবের সঙ্গে এসে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও অনন্তপুরে প্রচুর ক্রিকেট খেলেছেন রাচিন।

ICC World Cup 2023: বাবা-মায়ের ইচ্ছায় নামে সচিন-দ্রাবিড়, খেললেন লারার মতো!

১৬ বছর বয়সে প্রথম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেন। ২০১৬-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেই তাঁর পারফরম্যান্স দেখে নির্বাচকদের নজরে পড়েন। ২০১৯ অনূর্ধ্ব বিশ্বকাপও খেলেছেন। ২০২১ সালে রাচিনের টেস্ট অভিষেক হয় কানপুরে। এরপর ওয়াংখেড়ে টেস্টেও খেলেন। ২০২১ সালে জয়পুরে ভারতের বিরুদ্ধে একটি টি ২০ আন্তর্জাতিক খেলেন।

২০২০ সালে ভারতীয় এ দল গিয়েছিল নিউজিল্যান্ড সফরে। হনুমা বিহারীর নেতৃত্বাধীন দলে ছিলেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, শুভমান গিল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজরা। নিউজিল্যান্ড এ দলের হয়ে প্রথম একদিনের ম্যাচে ৫৮ বলে ৪৯ রান করার পাশাপাশি আউট করেছিলেন সূর্যকুমার যাদবকে। দ্বিতীয় ম্যাচে মহম্মদ সিরাজের বলে ০ রানে আউট হন, বল হাতে নিয়েছিলেন অক্ষর প্যাটেলের উইকেট।

তৃতীয় ম্যাচে বাংলার ঈশান পোড়েলের বলে ১ রানে আউট হন। তবে এই ম্যাচেই তিনি বিজয় শঙ্কর ও ক্রুণাল পাণ্ডিয়াকে প্যাভিলিয়নে ফেরান। প্রথম আনঅফিসিয়াল টেস্টে তিনি ৪৭ রানও করেন। ফলে ভারতীয় ব্যাটিং লাইন আপের অনেকের বিরুদ্ধেই তিনি বোলিং করেছেন। রাচিন ভারতের মাটিতেই পেলেন ওডিআই শতরান। বিশ্বকাপের অভিষেক ম্যাচে সেরা হওয়াও স্মরণীয় হয়ে থাকল।

রাচিন জানিয়েছেন, তাঁর নাম রেখেছিলেন বাবা-মা। দুজনেই রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরকে পছন্দ করতেন। রাহুলের রা ও সচিনের চিন, তা থেকেই রাচিন। দুই কিংবদন্তি তাঁর নামের মধ্যে থাকায় তিনি ভাগ্যবান বলেও জানিয়েছেন রাচিন। তিনি আজ যেভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে কাট, পুল মেরেছেন তা ব্রায়ান লারার মতো, মন্তব্য করেছেন মাইক আথারটন।

লকি ফার্গুসন চোটের কারণে ছিটকে যাওয়ায় আজকের প্রথম একাদশে থাকা নিশ্চিত হয় রাচিনের। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন বছর তেইশের এই ক্রিকেটার। যেভাবে পেসার ও স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ও সাহসী ব্যাটিং করলেন তা সকলের নজর কেড়েছে। বিশেষ করে মার্ক উডের ১৫০ কিলোমিটার গতিবেগের বলে পুল শটটি অন্যতম সেরা।

উল্লেখ্য, ২০১১ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ অভিষেকে শতরান হাঁকিয়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগ ও বিরাট কোহলি। তাঁদের পর এই প্রথম কোনও দলের দুজন ব্যাটার বিশ্বকাপ অভিষেকে শতরান করলেন। ২০১১ সালে ভারত কাপ জিতেছিল। এবারও জোড়া শতরান নিউজিল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য খুলে দিল কিনা তা বলবে সময়ই।

তবে রাচিনই প্রথম নন। এর আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ছয় ভারতীয় বংশোদ্ভূত। তাঁরা হলে দীপক প্যাটেল, জিতন প্যাটেল, রনি হীরা, তরুণ নেথুলা, জিত রাভাল (তাঁকে অকল্যান্ডের রাহুল দ্রাবিড় বলা হতো) এবং ঈশ সোধি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+