ICC World Cup 2023: বাবার শহর বেঙ্গালুরুতে শতরান রাচিন রবীন্দ্রর! চলতি বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি কেন বৃত্তপূরণ?
ICC World Cup 2023: বিশ্বকাপ জন্ম দেয় অনেক তারকার। উদীয়মান কোনও ক্রিকেটার চমকে দেন নিজের ঔজ্জ্বল্যে। এবারের বিশ্বকাপে তেমন ক্রিকেটারের মধ্যে উজ্জ্বলতম রাচিন রবীন্দ্র।
নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালে গেলে তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৮ নভেম্বর ২৪ পূর্ণ হবে রাচিনের। জীবনের প্রথম বিশ্বকাপেই আপাতত তাঁর নামের পাশে তিনটি শতরান। বাবার জন্মস্থান বেঙ্গালুরুতে আজ পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি নিঃসন্দেহে তৃপ্তিদায়ক।

রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে ক্রিকেটেও তাঁর প্রভূত অবদান। রাচিনের জন্ম ১৯৯৯ সালে ওয়েলিংটনে হলেও রবি জন্মেছিলেন বেঙ্গালুরুতে। সেখানে ক্লাব ক্রিকেট খেলতেন। পরে পেশাগত কারণে নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা হন। ওয়েলিংটনে হাট হকস ক্লাব গড়ে তোলেন।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে রাচিনের। বাবার সূত্রেই। রাচিনের নামেও রয়েছে রাহুলের 'রা' ও সচিনের 'চিন'। রবি চেয়েছিলেন মেয়েকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে। কিন্তু সেটা হয়নি। বরং ছেলেই ক্রমাগত উন্নতি করে এখন বিশ্বকাপের নতুন তারা। ৫ বছর বয়সে হার্ড বল ক্রিকেটে হাতেখড়ি। প্রতি বছর ছেলেকে বেঙ্গালুরুতে পাঠাতেন রবি।
ভারতে প্রতি বছর অনুশীলন করার ফলে এখানকার পিচ, কন্ডিশন সম্পর্কে ওয়াকিবহাল রাচিন। তাঁর এই অভিজ্ঞতা সমৃদ্ধ করছে নিউজিল্যান্ডকে। তাঁর তিনটি ওডিআই শতরানই এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছিলেন ১ উইকেট।
২৮ অক্টোবর ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেন ১১৬ রানের ইনিংস। আজ ৮৮ বলে শতরান পূর্ণ করার পর রাচিন থামলেন ৯৪ বলে ১০৮ রানে। মেরেছেন ১৫টি চার, ১টি ছয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫১ রান করার পাশাপাশি নেন ১টি উইকেট। বাংলাদেশ ম্যাচে আউট হয়েছিলেন ৯ রানে। আফগানিস্তানের বিরুদ্ধে ৩২ রান করেন, বল হাতে পান ১ উইকেট।
রাচিন ভারতীয় বংশোদ্ভূত। বাবার বন্ধু দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারতের বিরুদ্ধে রাচিন কেমন খেলেন সেদিকেও ছিল সকলের নজর। রাচিন সেই ম্যাচে আউট হয়েছিলেন ৭৫ রানে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ রানে আউট হন। তারপর আজকের শতরান খুবই গুরুত্বপূর্ণ। কেন না, পাকিস্তানের কাছে আজ হারলে কাজ কঠিন হয়ে কিউয়িদের।
টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড অবশ্য বড় রানের দিকেই এগোচ্ছে। কামব্যাক ম্যাচে পাঁচ রানের শতরান হাতছাড়া করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি করেন ৭৯ বলে ৯৫। রাচিন-কেন জুটিতে ওঠে ১৮০ রান। ওপেনিং জুটিতে উঠেছিল ৬৮। ৩৯ বলে ৩৫ রান ডেভন কনওয়ের। এবারের আইপিএল নিলামেও চমকপ্রদ দর পেতে পারেন রাচিন। শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ডের স্কোর ৩৮ ওভারে ২ উইকেটে ২৮৪।












Click it and Unblock the Notifications