ICC World Cup 2023: ডি কক চলতি বিশ্বকাপে টানা শতরানে গড়লেন কোন নজির? নাম লেখালেন কিংবদন্তিদের সঙ্গে
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি ম্যাচে শতরান হাঁকালেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। আজ লখনউয়ে তিনি ৯০ বলে পূর্ণ করেন শতরান।
ওডিআই কেরিয়ারে এই নিয়ে তৃতীয়বার তিনি পরপর দুটি ম্যাচে শতরান পেলেন। এবারের বিশ্বকাপের আগে ২টি বিশ্বকাপ ডি কক খেলেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে। ১৭টি ইনিংসে শতরান ছিল না। এবারের বিশ্বকাপে তাঁর নামের পাশে জোড়া শতরান।

দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৮৪ বলে ১০০ রান করে আউট হয়েছিলেন ডি কক। আজ অজিদের বিরুদ্ধে যেন সেখান থেকেই শুরু করলেন। খেললেন ১০৬ বলের ১০৯ রানের দায়িত্বশীল ইনিংস সাজানো ৮টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে। ২০২২ সালের জানুয়ারির পর, ২০ মাস বাদে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে শতরানের খরা কাটে ডি ককের।
২০১৩ সালে জোহানেসবার্গ, ডারবান ও সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে ডি কক ওডিআই শতরানের হ্যাটট্রিক করেছিলেন। রান করেছিলেন যথাক্রমে ১৩৫, ১০৬ এবং ১০১। এরপর ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে মুম্বইয়ে ১০৯ করার পর তিনি পরবর্তী ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালের ফেব্রুয়ারিতে, সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৩৮ রান করেন।

এরপর এদিনই প্রথমবার ওডিআইয়ে উপর্যুপরি শতরান এলো ডি ককের ব্যাট থেকে। ২০১৫ সালের বিশ্বকাপে টানা চারটি শতরান করেছিলেন কুমার সঙ্গকারা। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৫, ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১৭, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ ও স্কটল্যান্ড ম্যাচে ১২৪। কোনও বিশ্বকাপে সর্বাধিক শতরানের নিরিখে তিনি রয়েছেন রোহিত শর্মার পরেই।
রোহিত ২০১৯ সালের বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন। সেবার রোহিত শতরানের হ্যাটট্রিক করেছিলেন (ইংল্যান্ডের বিরুদ্ধে ১০২, বাংলাদেশের বিরুদ্ধে ১০৪ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৩)। এদিন ওডিআই ১৯তম ওডিআই শতরান হাঁকিয়ে ডি কক স্পর্শ করলেন বাবর আজম, ব্রায়ান লারা ও মাহেলা জয়বর্ধনের কীর্তি।
বিশ্বকাপের কোনও সংস্করণে মার্ক ওয়া (১৯৯৬), সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০৩), ম্যাথু হেডেন (২০০৭) তিনটি করে শতরান হাঁকিয়েছেন। এ ছাড়াও একঝাঁক ক্রিকেটার বিশ্বকাপের কোনও সংস্করণে দুটি করে শতরান হাঁকিয়েছেন। এবি ডি ভিলিয়ার্সের পর সেই তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম যোগ করলেন ডি কক।












Click it and Unblock the Notifications