ICC World Cup 2023: বিশ্বকাপে স্পনসর আর বিজ্ঞাপনদাতার প্রাচুর্য, কোষাগারে লক্ষ্মীলাভের পরিমাণ চমকে দেবে
ICC World Cup 2023: আজ থেকে শুরু হয়ে গেল আইসিসি বিশ্বকাপ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্য়াট করতে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই বিশ্বকাপে স্পনসর ও বিজ্ঞাপনদাতাদের থেকে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে। আইসিসির কোষাগারে যে পরিমাণ লক্ষ্মীলাভ হবে তা চমকপ্রদ।

শুধু স্পনসরশিপ থেকেই ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ১২৪৮ কোটি টাকার বেশি রাজস্ব আসবে বলে দ্য ইকনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ। আইসিসি ইতিমধ্যেই স্পনসর ও পার্টনার মিলিয়ে ২০টি সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। যদিও আইসিসির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
বিশ্বকাপের গ্লোবাল পার্টনার হয়েছে এমআরএফ টায়ারস, বুকিং ডট কম, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মাস্টারকার্ড, আরামকো ও এমিরেটস। এর মধ্যে প্রতিটি সংস্থার সঙ্গে ৮ থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। ৮টি অফিসিয়াল পার্টনারের মধ্যে রয়েছে বিরা৯১, পলিক্য়াব, থামস-আপ, আপস্টকস, নিসান, নিয়াম, ওপো ও ডিপি ওয়ার্ল্ড।

পার্টনার ব্র্যান্ডগুলির প্রতিটির সঙ্গে চুক্তির পরিমাণ ৬ থেকে ৮ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে বলে প্রতিবেদনে উল্লেখ। এ ছাড়াও রয়েছে ক্যাটেগরি পার্টনার বিভাগ। এই তালিকায় রয়েছে রয়্যাল স্ট্যাগ, ড্রিম ১১, জ্যাকবস ক্রিক, নিয়ার ফাউন্ডেশন, ফ্যান ক্রেজ, টাইকা। তাদের সঙ্গে চুক্তির রেঞ্জ ৩ থেকে ৪ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।
বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্বে রয়েছে ডিজনি-স্টার। টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে তারাই এক্সক্লুসিভ সম্প্রচার স্বত্ত্বের অধিকারী। সংস্থার নেটওয়ার্ক হেড সেলসের প্রধান অজিত ভার্গিজ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এবারের বিশ্বকাপ ভেঙে দেবে অতীতের বিশ্বকাপ ও আইপিএল-সহ অন্য বড় টুর্নামেন্টের যাবতীয় রেকর্ড।
বিশ্বকাপ টিভি ও ডিজিটাল মাধ্যমে দেখার ক্ষেত্রে নয়া রেকর্ড হবে বলেও আশাবাদী তিনি। তবে কত পরিমাণ রাজস্ব আদায় হতে পারে তা খোলসা করেননি। এবারের আইপিএলে ডিজনি স্টার ছিল টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে। ডিজিটাল রাইটস পেয়েছে ভায়াকম ১৮। বিজ্ঞাপন থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩৫০০ থেকে ৩৮০০ কোটি টাকার মধ্যে।
টিভি ও ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ ৮০০ মিলিয়নের বেশি ভিউয়ার পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ডিজনি-স্টার। জানা গিয়েছে, ২৫-২৬টির বেশি স্পনসর ও ৫০০-র বেশি বিজ্ঞাপনদাতার সঙ্গে চুক্তি সারছে ডিজনি-স্টার। মিন্টের দাবি, অনেক সংস্থার সঙ্গে চুক্তি ১৫০ কোটি টাকার বেশি। ১ থেকে ১০ কোটি টাকার চুক্তিও হচ্ছে।
ফোনপে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ড্রিম ১১, হিন্দুস্তান ইউনিলিভার, কোকা-কোলা, হাভেলস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, পারনড রিচার্ড ইন্ডিয়া, বুকিং ডট কম, কিংফিশার প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, মন্ডেলেজ, পিটার ইংল্যান্ড, এমিরেটস, ডায়াজিও, জিন্দাল প্যান্থার, ল্যান্ডিংকার্ট, এমআরএফ টায়ারস, হেয়ার অ্যাপ্লায়েন্সেস, হার্বালাইফ, বিপিসিএল, এএফএফআইয়ের মতো স্পনসরের সঙ্গে চুক্তি সারা হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications