ICC ODI World Cup 2023: বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে টালবাহানা পাকিস্তানের, খসড়া সূচিতে আপত্তি জানাল পিসিবি
ICC ODI World Cup 2023: আইসিসি জানিয়েছে শীঘ্রই ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ করা হবে। জয় শাহ-র নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তানের হাইব্রিড মডেল মেনে নিয়েছে।
এর ফলে মনে করা হচ্ছিল, বিশ্বকাপের সূচি নিয়ে যে মতানৈক্য চলছে সেটাও কেটে যাবে। কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে টালবাহানা জারি রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা সেটা সরকারের নির্দেশের উপর নির্ভর করছে বলে জানালেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। বিশ্বকাপের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে তা নিয়েও নিজেদের আপত্তির কথা জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পিসিবি। সবচেয়ে বড় আপত্তি আমেদাবাদ নিয়ে।

বিশ্বকাপের খসড়া সূচি অনুযায়ী অক্টোবরের ১৫ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফেলা হয়েছে। পাকিস্তান প্রথম থেকেই দাবি করে আসছে, তাদের ম্যাচ যেন আমেদাবাদে দেওয়া না হয়। অবশ্য সেখানে সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচ খেলতে পিসিবির আপত্তি নেই। ক্রিকেটারদের সুরক্ষার বিষয়কে সামনে রেখেই আমেদাবাদে আপত্তি পাকিস্তানের।
পিসিবি চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খসড়া সূচিতে তাঁরা অনুমোদন দেননি। নাজম বলেন, আইসিসিকে জানিয়েছি বিশ্বকাপের সূচিতে অনুমোদন দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে আমরা অপারগ। আমাদের দেশের সরকার বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে। ঠিক যেমন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে।

নাজমের সাফ কথা, আমেদাবাদে আমরা খেলব কিনা সে ব্যাপারে আমাদের প্রশ্ন করার প্রয়োজনীয়তাও নেই। প্রথমে নিশ্চিত হতে হবে আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব কিনা। তারপর সরকার ঠিক করবে আমরা গেলে কোথায় যাব। এই দুটি শর্তের উপরই পাকিস্তানের বিশ্বকাপ খেলা যে নির্ভর করছে, তা স্পষ্ট করেন নাজম।
খসড়া সূচি অনুযায়ী, পাকিস্তানের লিগ পর্বের ম্যাচগুলি ভারতের পাঁচটি শহরে দেওয়া হয়েছে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ খেলতেই শেষবার পাকিস্তান ক্রিকেট দল ভারতে এসেছিল। এর আগে জানা গিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপের ম্যাচগুলি চেন্নাই, কলকাতা ও বেঙ্গালুরুতে ফেলতে বলেছিল।












Click it and Unblock the Notifications