ICC World Cup 2023: কথা রাখলেন প্যাট কামিন্স, মোতেরার গ্যালারিকে চুপ করানোর অনুভূতি জানালেন অজি অধিনায়ক
ফাইনালের আগে টানা ১০ ম্যাচে জয় পেয়েছিল ভারত, অন্যদিকে অস্ট্রেলিয়া খেলতে নামে গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরে। ফলে খাতায় কলমে এগিয়ে থেকেই শুরু করে মেন ইন ব্লু। তার উপর মোতেরার স্টেডিয়াম ছিল কার্যত নীল সমুদ্র। কিন্তু লক্ষাধিক ভারতীয় সমর্থককে হতাশ করে বাড়ি পাঠালেন প্যাট কামিন্স-হেডরা।
শুধু তাই নয় কোহলির উইকেট ফেলার পর নিঃশব্দ হয়ে যায় গোটা গ্যালারি। কার্যত সমর্থকদের হতাশার ছবিগুলিই ধরা পড়ে টিভি ক্যামেরাতে। কিন্ত এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন অজি ক্রিকেটাররা। মোতেরার দর্শকদের কিছুক্ষণের জন্য চুপ রাখতে পেরে তিনি খুশি বলে দাবি করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

মোতেরার গ্যালারি প্রসঙ্গে প্যাট কামিন্স বলেন, 'গ্যালারির সমর্থন পুরোপুরি এক পক্ষের ছিল, এটা খেলায় হতেই পারে, কিন্তু এই বিপুল জনসর্থনকে চুপ করিয়ে দেওয়াটাই ছিল আমাদের লক্ষ্য।'
খেতাব জয় নিয়ে প্রশ্ন করা হলে প্যাট জানান, 'নিঃসন্দেহে এই জয় মনে রাখার মতো এবং এই দিনটি আমাদের সকলের মনে থাকবে। আমাদের একটাই লক্ষ্য ছিল। সেটা হলো বিশ্বকাপ জেতা। আমরা কোনও কিছুর হওয়ার অপেক্ষায় ছিলাম না। মনে সাহস নিয়ে খেলাটা খেলে গিয়েছিলাম।'
শনিবার ম্যাচের আগের দিন এই নিয়ে প্রশ্নের মুখে পড়েন অজি ক্যাপ্টেন কামিন্স। তখনই অবশ্য় আত্মবিশ্বাসী লেগেছিল তাঁকে। ওই দিন কামিন্স বলেছিলেন, 'আমরা জানি যে গোটা স্টেডিয়াম ভারতের জন্য গলা ফাটাবে। কিন্তু সেই গ্যালারিকে চুপ করানোর মতো আনন্দ আর কিছুতে নেই। এক লাখ ৩০ হাজার দর্শককে চুপ করানোর চেয়ে তৃপ্তির আর কিছু হতে পারে না।' বাস্তবে সেটাই করে দেখালেন লাবুসেন-ট্রাভিস হেডরা।
রবিবার টসে জিতে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় তারা। অর্ধশতরান করেন কেএল রাহুল (৬৬) এবং বিরাট কোহলি (৫৪)। ব্যাট করতে নেমে শুরুতে তিন উইকেট হারালেও হেডের সেঞ্চুরিতেই বাজিমাত করে অজিরা। এই নিয়ে ছয়বার একদিনের বিশ্বকাপ জিতল অজিরা।












Click it and Unblock the Notifications