ICC World Cup 2023: কঠিন অঙ্ক মাথায় নিয়ে কলকাতায় আসছে বাবর বাহিনী, জেনে নিন পাক দলের সেমির সমীকরণ
ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায়ের দুয়ারে পাকিস্তান দল। পর পর চার ম্যাচে হেরে ইতিমধ্যেই একদিনের বিশ্বকাপে লজ্জার নতুন নজির গড়েছে পাক দল। তার মধ্যে সেমিফাইনালে উঠার লড়াইয়েও অনেকটাই পিছিয়ে পড়েছে বাবর আজমের দল। লিগের বর্তমান যা পরিস্থিতি তাতে ৬ ম্যাচের দুটিতে জয় পেয়ে তালিকায় ৬ নম্বরে আছে পাকিস্তান। এখান থেকে আর শেষচারের টিকিট পাওয়া সম্ভব পাক দলের?
বাবর আজমদের জন্য অঙ্ক অত্যন্ত কঠিন। তবে একেবারে অসম্ভবও নয়। প্রোটিয়াদের কাছে হারের পরেও অবশ্য ক্ষীণ একটি আশা এখনও বেঁচে রয়েছে পাকিস্তানের। তবে সেই অঙ্ক বড় জটিল। প্রথমমত পাকিস্তানকে নিজেদের বাকি তিন ম্যাচে জিততেই হবে। একইসঙ্গে অন্যান্য দলের ফলাফলের উপরও নির্ভর করে থাকতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার পয়েন্ট নষ্টের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

অঙ্ক বলছে বাবরদের সেমিতে যেতে হলে অস্ট্রেলিয়াকে তাদের বাকি চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হবে। যার মধ্যে আবার আফগানিস্তান এবং বাংলাদেশের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও ম্যাচ রয়েছে তাদের।

পরিস্থিতি যা তাতে কেসি নাগের অঙ্ক এরচেয়ে সহজ।বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টানা চার ম্যাচ হারার রেকর্ড করেছে পাক দল। বাবরের অধিনায়কত্ব নিয়ে আগেই উঠেছে প্রশ্ন। তাঁর পরিবর্তে দলের নেতৃত্বের ভার কার হাতে দেওয়া হবে তার ব্লু প্রিন্টও রয়েছে পিসিবিয়ের মাথায়। তবে এ বার প্রকাশ্যে এল আর এক নতুন খবর। বাবরের মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ।













Click it and Unblock the Notifications