বিশ্বকাপ খেলতে ভারতে আসতে নারাজ পাকিস্তান, এশিয়া কাপে বিসিসিআইয়ের অবস্থানের পাল্টা পিসিবির
সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও সেই দেশে যাবে না ভারতীয় ক্রিকেট দল। নিরপেক্ষ কোনও দেশে হবে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি। সেই বিষয়টিকে হাতিয়ার করে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসতে নারাজ। এশিয়া কাপের মতোই নিরপেক্ষ কোনও দেশে বিশ্বকাপের ম্যাচগুলি খেলতে যে তারা ইচ্ছুক, সে কথা পিসিবি জানিয়ে দিল আইসিসিকে।

বিশ্বকাপ খেলতে ভারতে আসতে নারাজ পাকিস্তান
এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কর্তাদের মধ্যে আলোচনা চলছে। ভারতের এশিয়া কাপের ম্যাচগুলি আয়োজনের দৌড়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। কোনও একটি দেশকেই বেছে নেওয়া হবে। পাকিস্তান আবার বিশ্বকাপের ম্যাচগুলি পাকিস্তানে খেলতে চাইছে। উল্লেখ্য, এশিয়া কাপ যেমন পাকিস্তান আয়োজনের দায়িত্বে, তেমনই বিশ্বকাপের আয়োজক ভারত।

আইসিসি কর্তাই দিলেন আপডেট
বিশ্বকাপ খেলার বিষয়ে পাকিস্তানের এই অবস্থানের প্রসঙ্গটি উঠে এসেছে পিসিবি-র প্রাক্তন সিইও তথা আইসিসির জেনারেল ম্যানেজার অব ক্রিকেট ওয়াসিম খানের কথায়। ভারত শর্তসাপেক্ষে এশিয়া কাপ খেলার যে সম্মতি দিয়েছে তার পাল্টা হিসেবেই পিসিবি যে এমন পদক্ষেপ করছে সেটা বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ওয়াসিম বলেন, এশিয়া কাপের মতো নিরপেক্ষ দেশেই পাকিস্তানের ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা প্রবল। আমার মনে হয় না পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে।

বিসিসিআইয়ের পাল্টা পিসিবির
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ কয়েক মাস আগেই জানিয়েছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। তিনি এশিয়া কাপ পাকিস্তান থেকে অন্যত্র সরানোর কথাও বলেছিলেন। বিষয়টিকে ভালো চোখে দেখেনি পিসিবি। এমনকী জয় একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ করে অসন্তোষ ব্যক্ত করেছিল পাক ক্রিকেট বোর্ড। কয়েক দফার বৈঠকের পর হাইব্রিড মডেল বেরিয়ে আসে। যাতে অন্য দেশগুলি এশিয়া কাপের ম্য়াচ পাকিস্তানে খেলবে। ভারত খেলবে অন্য দেশে। কোন দেশে তা হবে সেটা চূড়ান্ত নয়। তবে এশিয়া কাপে ভারতের গ্রুপেই রয়েছে পাকিস্তান।

হাইব্রিড মডেল
সেই একই হাইব্রিড মডেলে বিশ্বকাপ হলে ভারতের ক্রিকেটপ্রেমীরা দেশের মাটিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ হলে তা দেখা থেকে বঞ্চিতই হবেন। এই ধরনের জটিলতার কারণেই এখনও বিশ্বকাপের সূচি আইসিসি ঘোষণা করতে পারছে না। বিসিসিআইয়ের তরফে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, পাকিস্তানের ক্রিকেটারদের ভারতে আসার ভিসার অনুমোদনের বন্দোবস্ত করা হবে। কেন্দ্রীয় সরকার সবুজ সঙ্কেত দেবে। কিন্তু এশিয়া কাপ যেহেতু ভারত পাকিস্তানে খেলবে না, সে কারণে মুখরক্ষার কৌশল নিয়ে পাকিস্তানও শর্ত চাপাল আইসিসির উপর। বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল পিসিবির তরফে। কিন্তু ততটা আগ্রাসী হতে পারছে না পাকিস্তান।












Click it and Unblock the Notifications