ICC World Cup 2023: ভারতে বাবরদের নিরাপত্তা খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান
বিশ্বকাপে পাকিস্তান দলের ভারত সফর নিয়ে বরফ ক্রমশ গলছে। বিগত কয়েক মাস ধরেই আইসিসির মেগা ইভেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে নানা জটিলতা চলছিল। এমনকি সূচি ঘোষণার পরও সেই জটিলতার কোনও অবসান হচ্ছিল না। অবশেষে সুর নরম করতে চলেছে পাকিস্তান।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের জন্য পাক দলের ভেন্যুর গুলির নিরাপত্ত খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান। যারা বাবর আজমদের খেলার স্থানগুলি নিরাপত্তা খুঁটিনাটি দেখে রিপোর্ট দেবে সরকারকে।

তবে কোন সময়ে এই প্রতিনিধি দল ভারত সফরে আসবে তা পিসিবির সঙ্গে বিদেশ মন্ত্রকের আলোচনার পরই চূড়ান্ত হবে। ইদের ছুটির পরই পিসিবির নতুন চেয়ারম্যানের আনুষ্ঠানিক নিয়োগ হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সরকারের এক আধিকারিক জানিয়েছেন, 'পিসিবির নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধি দলটি পাকিস্তানের খেলার ভেন্যু গুলি পরিদর্শন করবে। একই প্রতিটি মাঠের নিরাপত্তা ও অন্য ব্যবস্থাপনাও খতিয়ে দেখা হবে। প্রতিনিধি দলটি আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা এই পাঁচটি শহরেই পরিদর্শনে আসতে পারেন।'
একইসঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক জানিয়েছেন, 'প্রতিনিধি দলের সদস্যরা এই সফরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকদের সঙ্গেও আলোচনাতে বসবেন এবং নিরাপত্তার বিষয়ে কথা বলবেন। শুধু ক্রিকেটার নয় বিশ্বকাপে ভারত সফরে যাওয়া আধিকারিক, সমর্থক এবং গণমাধ্যমের কর্মীদেরও নিরাপত্তা নিয়ে কথা বলা হবে। তাঁদের রিপোর্টে কোনওরকম অশনি সংকেত থাকলে বিষয়টি নিয়ে কথা বলা হবে আইসিসি-বিসিসিআইয়ের সঙ্গে।'

সূচি ঘোষণার পরও পিসিবি কর্তারা নিশ্চয়তা দিতে পারছেন না বাবরদের ভারত সফরের। পাক বোর্ডের এক মুখপাত্র বলেছেন, 'ভারত সফরের জন্য সরকারের অনুমতি প্রয়োজন আমাদের। ক্রীড়াবিদদের পাঠানো কতটা নিরাপদ, তা প্রথমে খতিয়ে দেখে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তাদের রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। বাবরদের এক দিনের বিশ্বকাপ খেলা এখন বিদেশ মন্ত্রকের বিবেচনাধীন।'
বিশ্বকাপের সূচি অনুযায়ী ৬ অক্টোবর হায়দরাবাদে অভিযান শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। যোগ্যতা অর্জনের মাধ্যমে যে দল বিশ্বকাপের টিকিট অর্জন করবে, তাঁদের বিরুদ্ধেই প্রথম ম্যাচে খেলতে নামবে পাক দল।

১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে আমেদাবাদের খেলবে পাকিস্তান। ২০ তারিখ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া, ২৩ ও ২৭ তারিখ চেন্নাইতে যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। এরপর কলকাতার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন বাবর আজমরা।












Click it and Unblock the Notifications