ICC World Cup 2023: অনিশ্চয়তা অব্যাহত, বাবরদের ভারতে পাঠাতে কমিটি গঠন পাক প্রধানমন্ত্রীর
পাকিস্তান দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটছে না। এবার আসরে নামলেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী।শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলেন। এই কমিটি বাবর আজমদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
শাহবাজ শরিফ শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী নন, একইসঙ্গে পিসিবির চিফ পেট্রোনও। শনিবার তিনি বিশ্বকাপ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন। সেখানেই কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত হয়।

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে। ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের ক্রীড়া বিষয়ক নীতি, ভারতে খেলতে এলে পাকিস্তান দলের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখার কথা এই কমিটির।
পাক বিদেশমন্ত্রী ছাড়াও এই কমিটিতে রয়েছেন পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। আইনমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ সকলেই রয়েছেন এই উচ্চ পর্যায়ের কমিটিতে। এছাড়াও বিদেশ মন্ত্রকের সচিব ও একাধিক গোয়েন্দা বিভাগের প্রধানকে কমিটিতে রেখেছেন পাক প্রধানমন্ত্রী।
আগেই চূড়ান্ত ছিল ভারতে পাকিস্তানের ভেন্যুগুলির সুরক্ষা ব্যবস্থা দেখতে দল পাঠাবে পিসিবি। মনে করা হচ্ছে এই কমিটি ভারতের স্টেডিয়ামগুলি পরিদর্শন করবেন। ভারতে খেলতে আসার পাশাপাশি নির্দিষ্ট কিছু ম্যাচের ভেন্যু নিয়েও প্রশ্ন রয়েছে পাক ক্রিকেট মহলে। সেইসব বিষয় খতিয়ে দেখেই রিপোর্ট পেশ করবে এই বিশেষ কমিটি। এরপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাক প্রধানমন্ত্রী।

এরআগে ভারতে দল পাঠানোর অনুমতি চেয়ে পাক প্রধানমন্ত্রীকে চিঠি দেয় সেদেশের ক্রিকেট বোর্ড। বাবর আমজমদের ভারতে খেলতে আসতে শুধু প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমতি পেলেই হবে না। একইসঙ্গে পাকিস্তান সরকারের আরও তিন মন্ত্রকের সবুজ সংকেত লাগবে। তাই গোটা প্রক্রিয়াটি তিন মাস হাতে সময় রেখেই শুরু করে দিয়েছ পিসিবি।
তবে শনিবারের পর গোটা বিষয়টি এখন সরকারের কোর্টে। উচ্চ পর্যায়ের কমিটি কী সিদ্ধান্ত নেন তার উপরই নির্ভর করছে বাবরদের বিশ্বকাপ ভাগ্য। ইতিমধ্যেই সূচি প্রকাশ করেছে আইসিসি।
বিশ্বকাপের সূচি অনুযায়ী ৬ অক্টোবর হায়দরাবাদে অভিযান শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। যোগ্যতা অর্জনের মাধ্যমে যে দল বিশ্বকাপের টিকিট অর্জন করবে, তাঁদের বিরুদ্ধেই প্রথম ম্যাচে খেলতে নামবে পাক দল।

১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে আমেদাবাদের খেলবে পাকিস্তান। এই মাঠে গ্রুপ পর্বের ম্যাচ খেলা নিয়ে কম জটিলতা হয়নি।এছাড়াও কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরুতে খেলবে পাক দল।












Click it and Unblock the Notifications