ICC World Cup 2023: বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়েছেন পাকিস্তান বোলাররা, দেশে ফিরেই পদত্যাগ করলেন বোলিং কোচও
বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাবর আজমরা। বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাক দলে বদলের পূর্বাভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। শোনা গিয়েছিল পাক দলের প্রশাসনিক ব্যক্তি থেকে সাপোর্ট স্টাফদের অনেকেই বদল করা হবে। পাকিস্তান দল দেশে ফেরার পরই শুরু হয়ে গেল সেই প্রক্রিয়া।
বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের জন্য আগেই পদত্যাগ করেছিলেন দলের নির্বাচক প্রধান ইনজামাম উল হক। এবার সেই তালিকায় দ্বিতীয় নাম হলেন মর্নি মর্কেল। পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। কিন্তু কয়েক মাসের মধ্যেই পদ ছাড়লেন মর্কেল।

এ বারের বিশ্বকাপের আগে পাকিস্তানকে শেষ চারের দৌড়ে অনেকেই রেখেছিলেন। সেই আশা অবশ্য পূরণ করতে পারেনি গ্রিন আর্মি। পাক অধিনায়ক বাবর আজম টুর্নামেন্ট শুরু হওয়ার আগে জানিয়েছিলেন, তাঁদের আসল শক্তি বোলিং বিভাগ। বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলাররা হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছেন।
দলের পেসার হারিস রউফ হয়েছেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান খরচ করার নজির গড়েছেন। ৯ ম্যাচে তিনি ৭৯ ওভার বল করে দিয়েছেন রেকর্ড ৫৩৩ রান। যা একদিনের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। অবশ্য তিনি ১৬টি উইকেটও নিয়েছিলেন। শাহিন আফ্রিদি ৯ ইনিংসে ৮১ ওভার বোলিং করে ৪৮৬ রান দিয়ে নিয়েছেন ১৮ উইকেট।
দক্ষিণ আফ্রিকান এই বোলিং কোচ পাকিস্তান দলে যোগ দিয়েছিলেন চলতি বছরে জুন মাসে। তাঁর চুক্তির মেয়াদ আরও কয়েকদিন থাকলেও তিনি এখনই বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সফরে মর্কেলকে পাচ্ছেন না শাহিন শাহ আফ্রিদিরা।
এর আগে বিশ্বকাপে বাবরদের এমন ব্যর্থতায় প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন পাক দলের প্রধান নির্বাচক ইনজামাম। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও ব্যর্থ পাকিস্তান। সুপার ফোর পর্বে হার, ফাইনালে উঠতে পারেননি বাবররা। এশিয়া কাপের আগে থেকেই পাকিস্তান ক্রিকেটে চাপান-উতোর চলছে।
প্রধান নির্বাচক, ডিরেক্টর অফ ক্রিকেট পদে আসতে পারে নতুন মুখ। জাতীয় দলের কোচিং প্যানেলেও দেখা যতে পারে একাধিক প্রাক্তন ক্রিকেটারকে।












Click it and Unblock the Notifications