ICC World Cup 2023: রোহিতরা মনে করাচ্ছেন ২০০৩ সালের অস্ট্রেলিয়াকে, ক্রিকেটের কবীর খান হতে পারবেন দ্রাবিড়?
ICC World Cup 2023: ২০০৩ থেকে ২০২৩, এই ২০ বছরে বদল গিয়েছে অনেক কিছুই। ব্যতিক্রম নয় ক্রিকেটও। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ২০০৩ এবং ২০২৩ যেন মিলেমিশে একাকার। এক লহমায় মুছে গিয়ে গিয়েছে দুই দশকের ব্যবধান। ফোকাসে উঠে আসছে একটা শব্দ বদলা। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার ঘরের মাঠে দুই দশকের পুরানো হিসেব বুঝে নেওয়ার পালা।
বিশ্বকাপের মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। এবার সেই স্বপ্নপূরণের দুয়ারে টিম ইন্ডিয়া। তবে ২০ বছরের ব্যবধানে এক নাম কিন্তু কমন রাহুল দ্রাবিড়। সৌরভের দলে তিনি ছিলেন অন্যতম সেনানী, আর বর্তমানে দ্য ওয়াই রোহিতদের হেডস্যার। খেলোয়াড় হিসেবে হেরে যাওয়া ম্যাচ কোচ হিসাবে জিতে নেওয়ার সুযোগ দ্রাবিড়ের সামনে। দ্রাবিড় কী হতে পারবেন ক্রিকেটের কবীর খান?

বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা ২০ বছর ধরে বয়ে নিয়ে চলছেন দ্রাবিড়। ২০০৩ সালে ক্রিকেটার হিসেবে খুব কাছেও গিয়েও স্বপ্নপূরণ হয়নি এবার কোচ হিসেবে তাঁর সামনে সুযোগ বিশ্বকাপে সোনার পদক জেতার। ইতিমধ্যেই কোচ হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন। এশিয়া কাপও জিতেছেন, এবার অধরা ট্রফিটা ছুঁতে রোহিত-বিরাটদের রণকৌশল সাজিয়ে দেবেন দ্য ওয়াল।
ভারতের এই ১৫ জনের দলে বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।বাকিরা প্রথমবার বিশ্বকাপ থেলবেন। চাপ কাটাতে দ্রাবিড়ের টোটকাই এক্স ফ্যাক্টর হতে পারে গিল-শামিদের জন্য। ভারতীয় সমর্থকেরা ১২ বছর ধরে অপেক্ষায় রয়েছে বিশ্বকাপ ট্রফি জয়ের।
২০০৩ এবং ২০২৩ সালের দুই দলের মিল অমিলগুলিও একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।২০০৩ সালে ১০টি ম্যাচ টানা জিতে ফাইনাল খেলে অস্ট্রেলিয়া, ৮টি ম্যাচ টানা জিতে ফাইনাল খেলে ভারত, গ্রুপ স্টেজে অস্ট্রেলিয়া হারায় ভারতকে। তৃতীয়বার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
২০২৩ বিশ্বকাপের পরিসংখ্যান আবার ঠিক উল্টো। ১০টি ম্যাচ টানা জিতে ফাইনাল খেলছে ভারত, ৮টি ম্যাচ টানা জিতে ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া।গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারায় অস্ট্রেলিয়াকে। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারত। স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটাই ম্যাচ। আর স্বপ্ন ভঙ্গ এবং স্বপ্নপূরণের মাঝে একলা দাঁড়িয়ে আছেন দ্য ওয়াল।












Click it and Unblock the Notifications