ICC World Cup 2023: শুধু বিরাট-রোহিতদের ব্যাট নয়, ভারতের সাফল্যে বড় অবদান রয়েছে পেসারদেরও, জানুন পরিসংখ্যান
বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছুটছে ভারতীয় দলের। সাত ম্যাচের মধ্যেই সাতটিতেই জিতে সেমিফাইনালের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে এখনও বাকি দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস ম্যাচ। উপমহাদেশের পিচ মানেই ব্যাটিং সহায়ক, স্পিনের ঘূর্ণি। সেখানে পেসারদের ভূমিকা থাকে গৌন, এই চিরাচরিত ধারণাই এবারের বিশ্বকাপে ভেঙে দিলেন ভারতীয় পেসাররা।
রোহিত-বিরাট-কেএল রাহুলদের ব্যাটিং তো আছেই, সঙ্গে এখনও পর্যন্ত ভারতীয় দলের সাফল্যের নেপথ্যে রয়েছে পেসারদের দুরন্ত পারফরম্যান্স। বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলিতে সুযোগ পাচ্ছিলেন না শামি। কিন্তু হার্দিক ছিটকে যেতেই সুযোগ পান বঙ্গ পেসার। ফলে শামি-সিরাজ-বুমরাহ জুটিতে আরও ধারাল হয়েছে ভারতীয় দলের পেস অ্যাটাক।

পরিসংখ্যান বলছে শামি-সিরাজ-বুমরাহ বিশ্বকাপে এখনও পর্যন্ত এই তিন পেসারের মিলিত উইকেট সংখ্যা ৩৮। সাত ম্যাচে খেলে বুমরাহের উইকেট সংখ্যা ১৫, সমসংখ্যক ম্যাচে সিরাজ পেয়েছেন ৯টি উইকেট। অন্যদিকে তিন ম্যাচ খেলেই ১৪ উইকেট শামির নামের পাশে। এরমধ্যে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচে নিয়েছেন পাঁচটি করে উইকেট। জাহির খান-শ্রীনাথদের টপকে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী এখন শামিই।
এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বিশ্বকাপে ভারতের সাত ম্যাচ জয়ের নেপথ্যে রয়েছে পেসারদের অনবদ্য পারফরম্যান্স। ভারতীয় দলে যতই কুলদীপ-জাদেজার মতো স্পিনাররা থাক, শুরুতেই বিপক্ষ দলের উপর আঘাত হানার দায়িত্বটা থাকে পেসারদেরই। আর বিশ্বকাপের শুরু থেকেই সেই দায়িত্ব সফলভাবে পালন করছেন শামি-সিরাজ-বুমরাহরা।
বরাবরই মুখে খুব কম কথা বলেন শামি, সাফল্যে তাঁর মধ্যে থাকে না বাড়তি কোনও উচ্ছাস। নিঃশব্দেই নিজের কাজটা করেন বঙ্গ পেসার। ভারতীয় দলের পেসারদের এই সাফল্যের নেপথ্যের কারণ প্রসঙ্গে শামি জানিয়েছেন, 'আমরা প্রত্যেকেই একে অপরের সাফল্যে খুশি হই, আমরা বোলিংয়ে একটা ইউনিট হিসাবে কাজ করি। আমরা চেষ্টা করি সঠিক জায়গায় বলটা ফেলতে। বড় টুর্নামেন্টে ছন্দ ধরে রাখাই আমাদের লক্ষ্য।'
অন্যদিকে সিরাজ জানিয়েছেন, 'আমরা চেষ্টা করি সব সময় একে অপরের পাশে থাকতে। যদি শামি ভাই শুরুতেই উইকেট না পান তাহলে আমি সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করি। আমি না পারলে বুমরাহ সেই কাজ করেন। আমরা সব সময় নিজেদের মধ্যে সমন্বয় রেখেই বোলিং করার চেষ্টা করি।আমরা ম্যাচের মধ্যে নিজের মধ্যে তালমিল রেখেই বোলিং করার চেষ্টা, এটাই আমাদের সাফল্যের মূল কারণ।'












Click it and Unblock the Notifications