ICC World Cup 2023: বিশ্বকাপের মাঝপথেই বড় সিদ্ধান্ত বোর্ডের, দিল্লি-মুম্বইয়ের ম্যাচে বন্ধ আতশবাজি প্রদর্শনী
বিশ্বকাপের ম্যাচ শেষে দেশের বিভিন্ন স্টেডিয়ামে দেখা যাচ্ছে আতশবাজির প্রদর্শনী। ওয়াংখেড়ে হোক বা ফিরোজ শাহ কোটলা বা লখনউয়ের একানা স্টেডিয়ামে ম্যাচ শেষে বাজির রোশনাই চোখে পড়ার মতো। কিন্তু বিশ্বকাপের বাকি ম্যাচগুলি থেকে বাজি প্রদর্শনী থেকে পিছিয়ে এল বিসিসিআই। তবে সব ভেন্যু থেকে নয়, শুধুমাত্র মুম্বই এবং দিল্লি থেকেই।
শীত এখনও পুরোপুরি আসেনি। এরইমধ্যে পরিবেশ দূষণের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে মুম্বই এবং দিল্লিতে। এই পরিস্থিতিতে মুম্বই হাইকোর্টের পক্ষ থেকে একটি সুয়ো মোটো জারি করা হয়েছে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ সচেতনতার জন্যই দিল্লি এবং মুম্বই শহরে কোনও ম্যাচেই আর আতশবাজির প্রর্দশনী হবে না।

একইসঙ্গে বোর্ড সচিব উল্লেখ করেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময়ই পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন। এরসঙ্গে সমর্থকদের স্বার্থ জড়িয়ে থাকে। বিসিসিআই অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছে দিল্লি এবং মুম্বই শহরের বায়ুদূষণ নিয়ে।ক্রিকেটীয় উদযাপন উপযুক্ত পদ্ধতি মেনেই হবে। সেখানে কারোর স্বার্থ যাতে বিঘ্ন না ঘটে সেইদিকে দৃষ্টি রাখা হবে।'

দিল্লিতে প্রতি বছরই শীত পড়ার সময় দূষণ বেড়ে যায়। গত বছর ভারতের একটি টেস্ট ম্যাচের সময় দূষণ এতটাই বেড়ে গিয়েছিল যে ক্রিকেটারদেরও মাস্ক পরে থাকতে হচ্ছিল। মুম্বইয়ের বর্তমান পরিস্থিতি চিন্তায় রেখেছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও। তিনি বিমান থেকে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।













Click it and Unblock the Notifications