ICC World Cup 2023: ইডেনে অঘটন নেদারল্যান্ডসের, গঙ্গায় জলাঞ্জলি পদ্মাপারের বাংলাদেশের বিশ্বকাপ-স্বপ্ন
ICC World Cup 2023: ইডেনের পাশেই গঙ্গা। কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে সেখানেই বিসর্জন হয়ে গেল পদ্মাপারের বাংলাদেশের বিশ্বকাপ-স্বপ্ন। আজ নেদারল্যান্ডস ২২৯ রানের পুঁজি নিয়েও জয় ছিনিয়ে নিল ৮৭ রানে।
২০১১ সালের পর ফের এবার বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। এর আগে কখনও কোনও বিশ্বকাপে দুটি ম্যাচ জেতেনি নেদারল্যান্ডস। লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ভর করে লড়াইয়ের জায়গায় গিয়ে দুরন্ত বোলিং ও ফিল্ডিংয়ের মাধ্যমে স্মরণীয় জয় ছিনিয়ে নিল কমলা-ব্রিগেড।

বাংলাদেশ নিজেদের এমন জায়গায় নিয়ে গিয়েছিল যাতে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে সব ম্যাচই জিততে হতো। কিন্তু ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমেও মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৭০ রানের মধ্যেই ছয় উইকেট পড়ে যায়। লিটন দাস ৩, তানজিদ হাসান ১৫, মেহিদি হাসান মিরাজ ৩৫ ও নাজমুল হোসেন শান্ত ৯ রান করেন।
ব্যক্তিগত কোচের কাছে প্রশিক্ষণ নিতে দেশে ফিরে বিতর্কের জন্ম দেওয়া শাকিব আল হাসান এদিনও রান পেলেন না। বাংলাদেশ অধিনায়ক ফেরেন পাঁচ রান করে। মুশফিকুর রহিম ১, মাহমুদুল্লাহ ২০, মাহেদি হাসান ১৭, তাসকিন আহমেদ ১১, মুস্তাফিজুর রহমান ২০ রানে আউট হন। পরাজয়ের জন্য ব্যাটিংকে দুষেছেন শাকিব।

৪২.২ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৭.২ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন পল ভ্যান মিকেরেন। বাস ডি লিড ২টি এবং আরিয়ান দত্ত, লোগান ভ্যান বিক ও কলিন অ্যাকারম্যান ১টি করে উইকেট পেয়েছেন। মিকেরেনই পেয়েছেন ম্যাচেপ সেরার পুরস্কার।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২২৯ রানে পৌঁছয় ডাচরা। নেদারল্যান্ডসের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরেছিল ১০৭ রান ওঠার ফাঁকেই। যদিও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৬৮, সিব্রান্ড এঙ্গেলব্রেখটের ৩৫ ও লোগান ভ্যান বিকের অপরাজিত ২৩ রান ডাচদের ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। ওয়েসলি বারেসি করেন ৪১।
নেদারল্যান্ডস ৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। ৬৩ রানে পড়ে তৃতীয় ও চতুর্থ উইকেট। সেখান থেকে তাদের ঘুরে দাঁড়াতে সুবিধা হয় বাংলাদেশের জঘন্য ফিল্ডিংয়ের কারণে। ক্যাচও পড়ে কয়েকটি। শাকিব বলেন, এই উইকেটে ২৩০ রান তোলা উচিত ছিল। গোটা টুর্নামেন্টে ব্যাটিং খারাপ হয়েছে। বোলিং ভালো হলেও ফিল্ডিং ভালো হয়নি।
শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মাহেদি হাসান দুটি করে এবং শাকিব আল হাসান একটি উইকেট পেয়েছেন। ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে উঠে এলো নেদারল্যান্ডস। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নয়ে বাংলাদেশ। বাকি তিনটি ম্যাচে জিতলেও তারা ১০ পয়েন্টে যেতে পারবে না, যা সেমিতে ওঠার ম্যাজিক ফিগার বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications