ICC World Cup 2023: শ্রীলঙ্কার পর বিশ্বকাপের মূলপর্বে নেদারল্যান্ডস, ডাচরা খেলবে ইডেনে, ভারতের সূচি দেখুন
ICC World Cup 2023: শ্রীলঙ্কার পর আইসিসি বিশ্বকাপে দশম দল হিসেবে জায়গা পাকা করে নিল নেদারল্যান্ডস। এমনকী কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম ম্যাচটিতেই ডাচরা খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।
নেদারল্যান্ডস আজ সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে। ব্রেন্ডন ম্যাকমুলেনের ১০৬ রানের দৌলতে ৯ উইকেটে ২৭৭ তোলে স্কটল্যান্ড। জবাবে বাস ডি লিডের ১২৩ রান ডাচদের বড় জয় এনে দেয়। ৪৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে বিশ্বকাপের মূলপর্বে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস একমাত্র অ্যাসোসিয়েট দেশ যারা এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। ২০১১ সালের পর এই প্রথম ডাচরা ৫০ ওভারের বিশ্বকাপের মূলপর্বে খেলবে। নেট রান রেটে স্কটল্যান্ডকে পিছনে ফেলে বিশ্বকাপের টিকিট আদায় করতে ডাচদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে হতো ৪৪ ওভারে। ৪২.৫ ওভারেই ৬ উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে যায় ডাচরা।
Hello, #CWC23 🇳🇱😍 pic.twitter.com/y7XsGDjTuZ
— ICC Cricket World Cup (@cricketworldcup) July 6, 2023
এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলবে নেদারল্যান্ডস। বাস ডি লিড একদিনের আন্তর্জাতিকে বিশ্বের চতুর্থ প্লেয়ার হিসেবে একই ম্যাচে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে শতরান হাঁকালেন। ৯২ বলে ১২৩ রানের ইনিংল খেলে দেশকে বিশ্বকাপের মূলপর্বে নিয়ে গেলেন, এটি তাঁর প্রথম ওডিআই শতরান।

বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফায়ার-১ দল হিসেবে বিবেচিত হবে নেদারল্যান্ডস। কোয়ালিফায়ার-২ হলো শ্রীলঙ্কা। যার ফলে ইডেনে ২৮ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ভারত ২ নভেম্বর মুম্বইয়ে খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে ভারত নিজেদের শেষ ম্যাচ খেলবে ডাচদের বিরুদ্ধে, ১১ নভেম্বর বেঙ্গালুরুতে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে রবিবার হারারেতে নেদারল্যান্ডস খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তান, ১৫ অক্টোবর আমেদাবাদে পাকিস্তান, ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশ, ২২ অক্টোবর ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।
২৯ অক্টোবর লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলে রোহিতরা ২ নভেম্বর মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে। ৫ নভেম্বর কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। ১১ নভেম্বর বেঙ্গালুরুতে ২০১১-র বিশ্বকাপ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।












Click it and Unblock the Notifications