ICC World Cup 2023: টি ২০-র পর ৫০ ওভারেও অঘটন! নেদারল্যান্ডসের কাছে বিশ্বকাপে ফের পরাস্ত দক্ষিণ আফ্রিকা
ICC World Cup 2023: টি ২০ বিশ্বকাপের এবার ৫০ ওভারের বিশ্বকাপ। ফের দক্ষিণ আফ্রিকা পরাস্ত নেদারল্যান্ডসের কাছে। যা চলতি বিশ্বকাপের দ্বিতীয় বড় অঘটন।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ইতিমধ্যেই চূর্ণ করেছে আফগানিস্তান। আজ ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে গেল দুরন্ত ছন্দে বিশ্বকাপ অভিযান শুরু করা প্রোটিয়ারা।

টি ২০ বিশ্বকাপে ডাচদের কাছে হারাতেই প্রোটিয়াদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই ম্যাচ নেদারল্যান্ডস জেতে ১৩ রানে। তবে এদিন জয়ের ব্যবধান আরও বেশি। নিশ্চিতভাবেই চলতি বিশ্বকাপের জোড়া অঘটন সেমিফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল। শুধু তাই নয়, বিশ্বকাপে কোনও প্রতিপক্ষকেই যে হাল্কাভাবে নেওয়া উচিত নয় সেটাও স্পষ্ট হয়ে যাচ্ছে।
বৃষ্টি ও মাঠ ভিজে থাকার কারণে ম্যাচের ওভার কমিয়ে ৪৩ করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। নেদারল্যান্ডসের ওপেনিং জুটি ভাঙে ২২ রানে। সেখান থেকে স্কোর দাঁড়ায় ৫০ রানে চার উইকেট, কিংবা ৮২ রানে ৫ উইকেট। ১৪০ রানে পড়েছিল ৭ উইকেট।

ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস সাতে নেমে ৬৯ বলে ৭৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। যাতে রয়েছে ১০টি চার ও একটি ছয়। রোলফ ভ্যান ডার মারউই ১৯ বলে ২৯ রান করেন। ৪৩ ভারে নেদারল্যান্ডস তোলে ৮ উইকেটে ২৪৫ রান। লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, কাগিসো রাবাডা দুটি করে এবং জেরাল্ড কোয়েটজি ও কেশব মহারাজ ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ৮ ওভারে ৩৬ রানে প্রথম উইকেট পড়ার পর ১১.২ ওভারে প্রোটিয়াদের স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ৪৪। স্কোরবোর্ডে ৮৯ রান ওঠার ফাঁকে অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। ১০৯ রানে ষষ্ঠ, ১৪৫ রানে সপ্তম, ১৪৭ রানে অষ্টম ও ১৬৬ রানে নবম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
অধিনায়ক তেম্বা বাভুমা ১৬, কুইন্টন ডি কক ২০, রাসি ভ্যান ডার ডুসেন ৪, এইডেন মার্করাম ১, হেইনরিখ ক্লাসেন ২৮, ডেভিড মিলার ৪৩, মার্কো জানসেন ৯, জেরাল্ড কোয়েটজি ২২ রান করেন। শেষ উইকেটে এনগিডিকে নিয়ে মরিয়া লড়াই চালাতে থাকেন কেশব মহারাজ। কিন্তু জয় এনে দিতে পারেননি।
৪২.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ২০৭ রানে। ডাচদের জয় ৩৮ রানে। মহারাজ ৩৭ বলে ৪০ রান করেন। লোগান ভ্যান বিক নেন তিন উইকেট। পল ভ্যান মিকেরেন, রোলফ ভ্যান ডার মারউই ও বাস ডি লিড ২টি করে উইকেট নেন। ১টি উইকেট কলিন অ্যাকারম্যানের।
দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে জিতেছিল। প্রথম পরাজয় আজ নেদারল্যান্ডসের কাছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে প্রোটিয়ারা। নেদারল্যান্ডস ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রয়েছে নয়ে। শ্রীলঙ্কা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে, একমাত্র তারাই খাতা খুলতে পারেনি।
ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন স্কট এডওয়ার্ডস। ওডিআইয়ে তাঁর উইকেট সংখ্যা হলো ৪৯। নেদারল্যান্ডসের হয়ে যা সর্বাধিক। তিনি পিছনে ফেলে দিলেন জেরোয়েন স্মিথের নজির। শনিবার লখনউয়ে নেদারল্যান্ডস খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওইদিনই মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।












Click it and Unblock the Notifications