ICC World Cup 2023: দুর্গা ও কালীপুজোয় বিশ্বকাপের খেলা! ভারতের ম্যাচের দিনক্ষণ জেনে ঠাকুর দেখার প্ল্যান করুন
ICC World Cup 2023: ভারতে বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে। চলবে ১৯ নভেম্বর অবধি। কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অবশ্য দুর্গাপুজো হয়ে যাবে। রেড রোডের কার্নিভালও হয়ে যাওয়ার কথা।
কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচটি রাখা হয়েছে ২৮ অক্টোবর, শনিবার। সেদিন বাংলাদেশ খেলবে কোয়ালিফায়ার-১ দলের বিরুদ্ধে। তবে দুর্গাপুজোর সময় ভারতের দুটি ম্যাচ থাকছে। কালীপুজোর দিন ইডেনে পাকিস্তানের খেলা।

অক্টোবরের ১৪ তারিখ শনিবার মহালয়া। সেদিন থেকেই বাংলার মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন শুরু করে দেন। তারপর পঞ্চমী অবধি রোজ তিনি বিভিন্ন মণ্ডপে দুর্গাপুজোর উদ্বোধন করেন। এবার মহালয়ার দিন ডাবল হেডার। চেন্নাইয়ে সকাল সাড়ে ১০টা থেকে মুখোমুখি নিউজিল্যান্ড ও বাংলাদেশ। বেলা ২টো থেকে দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ রয়েছে।

মহালয়ার পরদিন, ১৫ অক্টোবর, রবিবার আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। মহাপঞ্চমীর দিনও রয়েছে ভারতের ম্যাচ। ১৯ অক্টোবর, বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এ ছাড়া মহাষ্টমীর দিন আবার রয়েছে ভারতের খেলা। ২২ অক্টোবর, রবিবার ধরমশালায় ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

মহাষষ্ঠী ২০ অক্টোবর, শুক্রবার। সেদিন বেঙ্গালুরুতে রয়েছে রয়েছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান দ্বৈরথ। মহাসপ্তমীর দিন ফের ডাবল হেডার। ২১ অক্টোবর, শনিবার কোয়ালিফায়ার-১ বনাম কোয়ালিফায়ার-২ ম্যাচটি হবে লখনউয়ে, সকাল সাড়ে ১০টা থেকে। এ ছাড়া বেলা ২টো থেকে মুম্বইয়ে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ।

২৩ অক্টোবর, সোমবার দুর্গাপুজোর মহানবমী। সেদিন চেন্নাইয়ে পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। বিজয়া দশমী ২৪ অক্টোবর, মঙ্গলবার। ওইদিন দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে মুম্বইয়ে। ২৮ অক্টোবর, শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। সেদিন কলকাতায় রয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচ। কোয়ালিফায়ার-১ বনাম বাংলাদেশ ম্যাচটি ইডেনে পাঁচটি ম্যাচের প্রথম।

কালীপুজোর আগের দিন ভারত রাউন্ড রবিন ফরম্যাটে নিজেদের শেষ ম্যাচটি খেলবে। বেঙ্গালুরুতে ১১ নভেম্বর, শনিবার হবে সেই ম্যাচটি। এ ছাড়া কালীপুজো, দীপাবলি বা দিওয়ালিতে বিশ্বকাপের ডাবল হেডার রয়েছে। ১২ নভেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে পুনেতে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ। বেলা ২টো থেকে কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান দ্বৈরথ।
ভাইফোঁটা রয়েছে ১৫ নভেম্বর। সেদিন মুম্বইয়ে প্রথম সেমিফাইনাল। পরদিন ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল। ফলে উৎসবের আনন্দ হতে চলেছে দ্বিগুণ।












Click it and Unblock the Notifications