ICC CWC 2023: বিশ্বকাপ সেমিফাইনালে সৌরভের মহাকীর্তি স্পর্শে ব্যর্থ সচিনও! রোহিতদের সামনে বিরাট হাতছানি
ICC CWC 2023: ভারত এর আগে ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ৭ বার। তার মধ্যে কাপ জিতেছে ২ বার। ১৯৮৩ ও ২০১১ সালে। রোহিত শর্মার ভারত নয়ে নয় সেরে সর্বকালীন রেকর্ড গড়ে বুধবার সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
১৯৮৩ সালে ভারত প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল খেলে। শেষবার খেলেছে ২০১৯ সালে। যদিও ২০০৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় যে নজির গড়েছেন তা আজ অবধি কেউ স্পর্শ করতে পারেননি।

২০০৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে কেনিয়ার বিরুদ্ধে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। অধিনায়ক বাদ দিন, সৌরভ ছাড়া ভারতের কোনও ব্যাটারেরই বিশ্বকাপ সেমিফাইনালে শতরান নেই। ভারতীয় দল এবার দারুণ ছন্দে রয়েছে। ফর্মে রয়েছেন ব্যাটাররা। ফলে ২০ বছর ধরে অক্ষত দাদার কীর্তি কেউ স্পর্শ করতে পারবেন কিনা সেটা দেখার বিষয়।
ডারবানে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। ৫০ ওভারে ভারত তুলেছিল ৪ উইকেটে ২৭০ রান। পাঁচটি করে চার ও ছয় মেরে তিনে নামা সৌরভ অপরাজিত ছিলেন ১১৪ বলে ১১১ রানে। সচিন তেন্ডুলকর করেছিলেন ১০১ বলে ৮৩। এরপর ৪৬.২ ওভারে কেনিয়া গুটিয়ে যায় ১৭৯ রানে।
জাহির খান তিনটি, সচিন তেন্ডুলকর ও আশিস নেহরা নেন ২টি করে উইকেট। জাভাগল শ্রীনাথ ও যুবরাজ সিং একটি করে উইকেট পেয়েছিলেন। ম্যাচের সেরা হন সৌরভ। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে বা পরে কেউ বিশ্বকাপ সেমিফাইনালে শতরান করতে পারেননি। মহারাজকীয় অধিনায়কোচিত শতরানই ভারতকে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দেয়।
১৯৮৩ সালের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বাধিক রান করেছিলেন যশপাল শর্মা (১১৫ বলে ৬১)। ১৯৮৭ সালে ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক রান মহম্মদ আজহারউদ্দিনের (৭৪ বলে ৬৪)। ১৯৯৬ সালে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকর করেন ৮৮ বলে ৬৫।
২০১১ সালের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক রান করেন সচিন তেন্ডুলকর (১১৫ বলে ৮৫)। ২০১৫ সালের বিশ্বকাপে সিডনিতে ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারতের হয়ে ৬৫ বলে সর্বাধিক ৬৫ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ২০১৯ সালের বিশ্বকাপে ম্যানচেস্টারে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা করেন ৫৯ বলে ৭৭।












Click it and Unblock the Notifications