ICC World Cup 2023: বিশ্বকাপে গিলের অভিষেক, টস জিতে বোলিং ভারতের , জানুন দুই দলের প্রথম একাদশ
আইসিসি বিশ্বকাপে আজ মেগা ম্যাচ। মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। বিগত কয়েক মাস ধরেই এই ম্যাচ ঘিরে চড়েছে উত্তেজনার পারদ। অবশেষে দেবীপক্ষের শুরুতেই এল সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপের ইতিহাসে অষ্টমবার মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় দলে ফিরলেন শুভমান গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি পাঞ্জাব তনয়। অবশেষে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই বিশ্বকাপে অভিষেক হল গিলের। আহমেদাবাদের মাঠে শুভমানের ব্যাটিং পারফরম্যান্স বেশ চমকপ্রদ। ৫ ম্যাচে ২৮০ রান করেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান। ঈশানের পরিবর্তে এলেন গিল।

টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। রান তাড়া করে এর আগে দুটি ম্যাচে জয় পেয়েছি। পরের দিকে শিশির একটা ফ্যাক্টর হয়। আমাদের দলে একটি পরিবর্তন হয়েছে গিল এসেছেন ঈশানের জায়গায়। ঈশান খুব ভালো ফর্মে ছিলেন, আশা করছি ওকে দ্রুত প্রথম একাদশে ফেরানো যাবে।'
অন্যদিকে টস হেরে পাক অধিনায়ক বাবর আজম বলেন, 'আমরাও চাইছিলাম প্রথমে বোলিং করতে। কিন্তু বিকল্প পরিকল্পনাও আমাদের আছে। আমাদের দলে সবাই প্রস্তুত। নিজেদের সেরাটা দেওয়ার জন্য। আমাদের প্রথম একাদশে কোনও রকম পরিবর্তন হয়নি।
READY! 🙌
— BCCI (@BCCI) October 14, 2023
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #TeamIndia | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/NEGucWYnhO
শুক্রবার গুজরাতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল। কিন্তু শনিবার তাতে বদল হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের সময় আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনাও নেই ম্যাচে।
১৯৯২ সালের বিশ্বকাপে প্রথম বার ভারত-পাকিস্তান ম্যাচ হয়। এখনও পর্যন্ত এক দিনের বিশ্বকাপে সাত বার মুখোমুখি হয়েছে এই দুই দল। পাকিস্তান কোনও বার হারাতে পারেনি ভারতকে। এ বারেও বিশ্বকাপে আইসিসি ক্রমতালিকায় এক নম্বর দল হয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। তারউপর বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে জয় পেয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে ভারত।

এই ম্যাচে শুধু মাঠে নয়, নজর থাকবে মাঠের বাইরেও। সকাল থেকেই গুকরাতের রাজধানী শহরে পৌঁছে যেতে শুরু করেছেন একের পর এক নক্ষত্ররা। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কাকে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে দেখা যায়নি। কিন্তু বড় ম্যাচে ভারতীয় দলকে উত্সাহ দিতে পৌঁছে গেলেন বলি নায়িকা। আমদাবাদ যাওয়ার বিমানে অনুষ্কার সঙ্গে দেখা হয় সচিন তেন্ডুলকরের।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব , মহম্মদ সিরাজ।
পাকিস্তানের একাদশ- আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ।












Click it and Unblock the Notifications