ICC World Cup 2023: বিশ্বকাপ সেমিফাইনালে ইডেনে ভারত-পাকিস্তান! কোন ম্যাচের কী ফল হলে তা সম্ভব?
ICC World Cup 2023: ইয়ে দিল মাঙ্গে মোর! পাকিস্তান এমন এক দেশ, যাদের বারবার হারালেও সাধ মেটে না। চলতি বিশ্বকাপে আমেদাবাদে বাবর আজমদের চূর্ণ করেছে রোহিত শর্মার দল।
ভারতের কাছে হারের পর আরও তিনটি ম্যাচ টানা হেরে বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গিয়েছে বাবর আজমদের। আজ ইডেনে বাংলাদেশকে হারিয়েও পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনা টিকে অনেক যদি-কিন্তুর উপর।

৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠে এসেছে পয়েন্ট তালিকার পাঁচে। শেষ চারে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে লিগ পর্বের বাকি দুটি ম্য়াচ জিততেই হবে। তারপর বাকিটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলাফল ও নেট রান রেটের উপর। বাবর আজম আজ দলের তিন বিভাগ নিয়ে সন্তুষ্ট। এদিনের জয় থেকে সঞ্চিত আত্মবিশ্বাস নিয়েই আগামী ম্য়াচগুলিতে নামতে চান।
ভারত ৬ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রান রেট ১.৪০৫) নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। একমাত্র ভারতই এবারের বিশ্বকাপে এখনও অবধি অপরাজেয়। দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে, নেট রান রেট ২.০৩২। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ৬ ম্যাচে রয়েছে ৮ পয়েন্ট করে। কিউয়িরা অজিদের চেয়ে এগিয়ে নেট রান রেটে।

এই পরিস্থিতিতে কোন অঙ্কে পাকিস্তান শেষ চারে যেতে পারে তার হিসেবনিকেশ চলছে। পাকিস্তানের নেট রান রেট মাইনাস (-) ০.০২৪। আজ কিছুটা উন্নতি হলেও এখনও পজিটিভে আসেনি। আগামী শনিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড ও ১১ নভেম্বর কলকাতায় পাকিস্তানের ম্যাচ বাকি ইংল্যান্ডের বিরুদ্ধে।
পাকিস্তানকে শেষ চারে যেতে হলে কাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। ভারতকে জয় ছিনিয়ে নিতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আফগানিস্তানকে জয় পেতে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পাকিস্তানকে জয় ছিনিয়ে নিতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে অজিদের জিততে হবে।
এরপর ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে ভারতের কাছে। বাংলাদেশ ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে। অস্ট্রেলিয়ার কাছে হারতে হবে আফগানিস্তানকে। ইংল্যান্ডকে জয় পেতে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্য়াচে কিউয়িদের জেতা চলবে না। দক্ষিণ আফ্রিকাকে জিততে হবে আফগানদের বিরুদ্ধে।
এরপর বাংলাদেশের বিরুদ্ধে জিতবে অস্ট্রেলিয়া। পাকিস্তান হারিয়ে দেবে ইংল্যান্ডকে। ভারত-নেদারল্যান্ডস ম্যাচে রোহিতরা জিতে নয় নয় করে ফেললেই এই সমীকরণ অনুযায়ী পাকিস্তান যেতে পারবে শেষ চারে। আর তাহলেই মুম্বইয়ের ওয়াংখেড়েতে নয়, ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনালের পথ খুলে যাবে।
এই ম্যাচগুলির এমন ফলাফল হলে ভারত ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। দক্ষিণ আফ্রিকা পৌঁছবে ১৪ পয়েন্টে। অস্ট্রেলিয়াও ১৪ পয়েন্টে থাকবে। নেট রান রেটে এগিয়ে থাকবে প্রোটিয়ারা। আর পাকিস্তান ড্য়াং ড্যাং করে চলে যাবে সেমিফাইনালে। তবে এত হিসেব কি মিলবে? বাবর আজমও সেমিফাইনালে যাওয়ার বিষয়ে আজকের জয়ের পরও কনফিডেন্ট নন। তিনি তাকিয়ে পরিস্থিতির দিকেই।












Click it and Unblock the Notifications