ICC World Cup 2023: ইডেনে ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনা! কোন শর্তে হাইভোল্টেজ ম্যাচ কলকাতায়?
ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ দ্বৈরথ আমেদাবাদে অনুষ্ঠিত হবে অক্টোবরের ১৫ তারিখ। পাকিস্তান ভারতের যে পছন্দসই শহরগুলির তালিকা দিয়েছিল তাতে ছিল কলকাতার নাম।
আমেদাবাদে ম্যাচ খেলতে আপত্তির কথা পিসিবি জানিয়েছিল। ফলে চেন্নাই ও বেঙ্গালুরুর সঙ্গে ভারত-পাক ম্যাচ আয়োজনের দৌড়ে ছিল কলকাতা। কিন্তু ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই রোহিতদের সঙ্গে বাবরদের দ্বৈরথ হবে।

কিন্তু ক্রিকেটপ্রেমীদের যে 'ইয়ে দিল মাঙ্গে মোর'! ভারত-পাকিস্তান ম্যাচ রাউন্ড রবিন ফরম্যাটের পর্বে আমেদাবাদে হলেও সেমিফাইনালেও মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। টুর্নামেন্ট শুরু হলে ক্রমেই পরিষ্কার হয়ে যাবে ভারত-পাক সেমিফাইনাল আদৌ হবে কিনা।

ভারত ও পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে আমেদাবাদের পোয়া বারো। সেক্ষেত্রে জোড়া ভারত-পাক ম্যাচ পেয়ে যাবে নরেন্দ্র মোদী, অমিত শাহদের রাজ্য। ক্রীড়াসূচি প্রকাশের পর থেকেই ক্রিকেটপ্রেমীরা মনেপ্রাণে চাইছেন যেন সেমিফাইনাল বা ফাইনালে দেখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের।

ভারত ২০০৭ সালের বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারেনি। ২০১১ সালের বিশ্বকাপে খেতাব জেতে। তারপর ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপেও ভারত সেমিফাইনাল খেলেছিল। কিন্তু যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ফাইনালে উঠতে পারেনি। ২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালে মোহালিতে ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে।
পাকিস্তান ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনাল শেষবার খেলেছে সেই ২০১১ সালেই। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তান জিতেছিল ভারতের বিরুদ্ধে। তারপর থেকে কোনও আইসিসি ইভেন্টেই খেতাব জিততে পারেনি পাকিস্তান। গত বছর টি ২০ বিশ্বকাপ ফাইনালে উঠেও হেরে যায় ইংল্যান্ডের কাছে।

গত টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে পাকিস্তানকে ভারত হারিয়ে দিয়েছিল ৪ উইকেটে। এবার ৫০ ওভারের বিশ্বকাপে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামবে ভারত। তার আগে অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ থাকবে এশিয়া কাপে। ইডেন অবশ্য আপাতত ভারত-পাক দ্বৈরথ আয়োজনের দায়িত্ব পেল না।

২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ইডেনে ভারত দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে খেলবে প্রথম ও চতুর্থ স্থানাধিকারী দল। সেই সেমিফাইনালটি হবে মুম্বইয়ে। দ্বিতীয় সেমিফাইনালে ইডেনে মুখোমুখি দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল। রাউন্ড রবিন ফরম্যাটে লিগ পর্বে ভারত ও পাকিস্তান এই দুটি স্থান দখল করলেই ইডেনে হবে ভারত-পাক সেমিফাইনাল।












Click it and Unblock the Notifications